লোকসভায় এনসিপিআই (NCPI) সাংসদদের অবস্থান নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সংসদীয় স্ট্যান্ডিং কমিটি গঠনের আগে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন অভিষেক। চিঠিতে এনসিপিআইয়ের ২০ জন সাংসদকে কোনও স্ট্যান্ডিং কমিটিতে জায়গা না দেওয়ার আর্জি জানালেন তিনি। একই সঙ্গে লোকসভায় তৃণমূলের (TMC) জন্য আগের মতো একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদও চেয়েছেন অভিষেক।

আরও পড়ুন: রাতে তৃণমূলকর্মীর বাড়িতে হামলা, স্বামীকে মারধর! বিজেপির বিরুদ্ধে তোপ কুণালের

স্ট্যান্ডিং কমিটিতে কোন দলের কোন সাংসদ থাকবেন, সেই সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে লোকসভা সচিবালয়। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেকের কাছেও চিঠি পাঠিয়ে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সাংসদদের নাম জমা দিতে বলা হয়েছে। সেই সময়সীমার আগেই স্পিকারকে চিঠি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক।

অভিষেকের বক্তব্যের কেন্দ্রে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়-সহ এনসিপিআইয়ের ২০ জন সাংসদ। লোকসভার সচিবালয়ের নথিতে এখনও ওই সাংসদদের এআইটিসি বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই দেখানো হচ্ছে। সেই কারণেই সংসদীয় কমিটিতে তাঁদের প্রতিনিধিত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃণমূলের লোকসভা দলনেতা হিসেবে অভিষেকের ভূমিকা রয়েছে।

আরও পড়ুন: জ্ঞানেশকে নিয়ে অন্তর্দ্বন্দ্ব, বিরোধীদের চাপের মুখে অভিযোগ উড়িয়ে বিবৃতি কমিশনের

এনসিপিআই সাংসদদের সদস্যপদ খারিজের দাবিকে ঘিরে বিষয়টি ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে। ২০ জন সাংসদের সদস্যপদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক। ফলে সংসদীয় কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তির প্রশ্নেও নতুন করে রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে।

এদিকে, বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পিকার কত দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, সেই সময়সীমা জানতে চায়নি। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, পুরো বিষয়টিতে স্পিকারের পদক্ষেপের উপর নজর রাখবে তারা।

এই পরিস্থিতিতেই ২৫ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূলের সাংসদদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্তির প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছেন অভিষেক। পাশাপাশি, লোকসভায় তৃণমূলের জন্য আগের মতো একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ বহাল রাখার আবেদনও জানিয়েছেন তিনি।