AI ও ক্লাউড ব্যবসায় বিপুল বিনিয়োগের মধ্যেই ফের কর্মী ছাঁটাই শুরু করল প্রযুক্তি সংস্থা ওরাকল। সোমবার ভোরেই কয়েকজন কর্মীর কাছে ইমেল পৌঁছয়। সেখানে জানানো হয়, ‘বৃহত্তর সাংগঠনিক পরিবর্তন’-এর অংশ হিসেবে তাঁদের পদ বাতিল করা হয়েছে। ইমেল পাওয়ার দিনটিকেই শেষ কর্মদিবস হিসেবে উল্লেখ করা হয়েছে বলে খবর। নতুন দফার ছাঁটাইয়ে ঠিক কতজন কর্মী প্রভাবিত হয়েছেন, তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। তবে চাকরি হারানো কয়েকজন কর্মী LinkedIn, Reddit এবং Blind-এ নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জানা যাচ্ছে, নতুন ছাঁটাইয়ের বিষয়ে একাধিক কর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি অভ্যন্তরীণ একটি বিজ্ঞপ্তিও পর্যালোচনা করা হয়েছে।
আরও পড়ুন: ২০০০ টাকার বেশি UPI লেনদেনে অতিরিক্ত চার্জ! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
এদিকে AI-নির্ভর ক্লাউড পরিষেবার চাহিদা মেটাতে ওরাকল পরিকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগ করছে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার মূলধনী ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৮.৫ বিলিয়ন ডলার। একই সময়ে AI ক্লাউড ব্যবসার জন্য ৩০ বিলিয়ন ডলারেরও বেশি নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থা। তবে বিপুল বিনিয়োগের পাশাপাশি খরচ কমানোর চাপও রয়েছে। ২০২৬ অর্থবর্ষে ওরাকলের কর্মীসংখ্যা প্রায় ২১ হাজার কমেছে, অর্থাৎ প্রায় ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। ওই অর্থবর্ষে কর্মী ছাঁটাই ও পুনর্গঠন বাবদ সংস্থার খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শুধু তাই নয়, পুনর্গঠন কর্মসূচির সম্ভাব্য খরচ আরও প্রায় ৭০০ মিলিয়ন ডলার বাড়ানোর কথা সম্প্রতি জানিয়েছে ওরাকল। ফলে AI ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কর্মী ও পরিচালন ব্যয় কমানোর কৌশলও জোরদার করছে সংস্থা।
















