কমলালেবু বিক্রি করে সংসার চালাতেন। নিজে লেখাপড়া করতে পারেননি। তাই গ্রামের আর কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন এই প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞা পূরণ করতে কমলালেবু বিক্রির টাকা জমিয়ে তৈরি করেছিলেন স্কুল। শিক্ষার প্রসারে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছিলেন পদ্মশ্রী। সেই ‘অরেঞ্জ ম্যান’ (Orange Man) হরেকালা হাজাব্বার (Harekala Hajabba) নাগরিকত্বের নথিই এবার প্রশ্নের মুখে।
কর্নাটকে ভোটার তালিকা সংশোধনের জন্য শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। আর সেই প্রক্রিয়াতেই ভোটার তালিকায় নামের অসঙ্গতির অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে পদ্মশ্রীপ্রাপক হরেকালা হাজাব্বাকে। ১১ সেপ্টেম্বর স্থানীয় গ্রাম পঞ্চায়েতে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হতে বলা হয়েছিল তাঁকে। আগামী ২০২৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে গত ৩০ জুন থেকে রাজ্যে শুরু হয়েছে SIR-এর কাজ। এর মধ্যেই গত সোমবার ম্যাঙ্গালুরুর নিউ পাডপু গ্রামের বাড়িতে হাজাব্বার হাতে পৌঁছয় নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশ।
কী কারণে এই নোটিশ? কমিশনের সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে শুধু ‘হাজাব্বা’ হিসেবে। অথচ বর্তমানে আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এবং নতুন ভোটার কার্ড-সহ তাঁর বিভিন্ন সরকারি নথিতে নাম রয়েছে ‘হরেকালা হাজাব্বা’। পুরনো ভোটার তালিকার (Voter List) নামের সঙ্গে বর্তমান নথির এই অসঙ্গতির কারণেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। ১১ সেপ্টেম্বর সমস্ত নথি-সহ পঞ্চায়েতে হাজিরা দিতে বলা হাজাব্বাকে।
তবে ‘অরেঞ্জ ম্যান’কে নোটিশ পাঠানোর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। এরপরই তৎপর হন নির্বাচন কমিশনের আধিকারিকরা। হাজাব্বার বাড়িতে গিয়ে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন কমিশনের প্রতিনিধিরা। ভোটার তালিকায় থাকা ত্রুটি সংশোধন করে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
ম্যাঙ্গালুরুর রাস্তায় একসময় কমলালেবু বিক্রি করেই সংসার চালাতেন হাজাব্বা। নিজে নিরক্ষর হলেও শিক্ষার গুরুত্ব তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। নিজের গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে কমলালেবু বিক্রি করে উপার্জিত টাকা থেকে অর্থ জমাতে শুরু করেন। সেই অর্থ দিয়েই পরে গ্রামে একটি স্কুল তৈরি করেন তিনি। তাঁর এই অসাধারণ উদ্যোগের জন্যই এলাকায় তাঁর পরিচিতি তৈরি হয় ‘অরেঞ্জ ম্যান’ নামে।
কর্নাটকে (Karnataka) SIR ঘিরে বড়সড় পরিসরে চলছে ভোটার তালিকা (Voter List) যাচাইয়ের কাজ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তথ্য অনুযায়ী, প্রায় ৪৩.৮১ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া রয়েছে। ইতিমধ্যেই প্রায় ৭.৩১ লক্ষ নোটিশ ভোটারদের কাছে পৌঁছেছে। SIR প্রক্রিয়া শেষের পর ২৭ অক্টোবর কর্নাটকে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা (Voter list) প্রকাশ করতে চলেছে।
















