নিট প্রশ্নফাঁস কাণ্ডে শুক্রবারও উত্তাল সংসদ। লোকসভার অধিবেশন শুরু হতেই প্রবল হইচই। সংসদে সরব বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি বিরোধীদের। পদত্যাগ চেয়ে স্লোগানিংয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপরেই মুলতুবি হয়ে যায় অধিবেশন।
ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বিরোধীরা তিনটি শর্ত দিয়েছেন। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা।
এদিনের অধিবেশনের শুরু থেকেই ইন্ডিয়া জোটের সাংসদরা 'শিক্ষমন্ত্রীর পদত্যাগ', 'ইস্তফা', 'ইস্তফা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, নিট ইস্যুতে আলোচনা না হলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। এই কথার পরেও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে কোনও আলোচনা হবে না। এরপরেই দুপুর বারোটা নাগাদ শুক্রবারের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। সোমবার পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। সংসদ ভবনের বাইরেও বিক্ষোভ চলে বিরোধীদের। যন্তর মন্তরেও ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ।
















