সিবিএসই বোর্ডের ক্লাস টেন পাশের শংসাপত্র (Certificate) পেতে তৃতীয় ভাষায় (Third Language) পাশ করা বাধ্যতামূলক। সোমবার এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নের পথে পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। তবে তৃতীয় ভাষার জন্য পরীক্ষার্থীদের কোনও বোর্ড পরীক্ষা দিতে হবে না।
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা ক্লাস নাইনে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রথম প্রযোজ্য। অর্থাৎ সেই পড়ুয়ারা যখন ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উঠবে, তখন তাদের এই নিয়মে পরীক্ষা দিতে হবে।
নয়া নিয়মে কিছু স্বস্তিও আছে পড়ুয়াদের। তৃতীয় ভাষায় স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নে (Internal Assessment) পাশ করলেই হবে। কিন্তু যদি কোনও পড়ুয়া তৃতীয় ভাষার অভ্যন্তরীণ মূল্যায়নে ফেল করে, তবে বোর্ড পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগেই তাকে পুনর্মূল্যায়ন (Reassessment)-এর সুযোগ দিতে হবে। তবে দ্বিতীয় সুযোগেও পাশ করতে না পারলে সার্টিফিকেট আটকে যাবে। তবে এই মূল্যায়নে ফেল করলে ক্লাস টেনের ফাইনালের পাশের সার্টিফিকেট পাবে না।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকেই তিনটি ভাষা পড়তে হবে বলে আগেই জানিয়েছিল সিবিএসই। প্রত্যেক পড়ুয়াকে তিনটি ভাষা পড়তে হবে। এর মধ্যে অন্তত দুটি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। ইংরেজি ছাড়াও যারা ফরাসি, জার্মান, জাপানি বা স্প্যানিশের মতো বিদেশি ভাষা পড়ছে, তারা তা চালিয়ে যেতে পারবে। এর পাশাপাশি একটি ভারতীয় ভাষা তাদের অতিরিক্ত হিসেবে পড়তে হবে।
শিক্ষাবিদদের মতে, এই পরিবর্তনের ফলে পড়ুয়ারা তৃতীয়ভাষাকে আর হালকা বিষয় হিসেবে দেখাতে পারবে না। সব ভাষাকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।
















