নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি থেকে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে আমরণ অনশন করছেন সমাজকর্মী সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। কমছে ওজন, ক্রমাগত ভাঙছে শরীর। ১৮ দিন ধরে ককরোজ জনতা পার্টির আন্দোলনের শরিক হয়ে অনশন করছেন সোনম, ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি লক্ষ্য করা গেছে। এবার সমাজকর্মীকে 'জোর করে খাওয়ানো'র আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ এক আইনজীবী।

ওয়াংচুকের আমরণ অনশন ১৮ দিনে পড়ল। কিন্তু এখনও শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন না। দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। ইতিমধ্যেই সোনমের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজনীতি থেকে বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্ব। ফোন করেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ও। আড়াই সপ্তাহের বেশি সময় ধরে অনশন চলতে থাকায় আট কেজির বেশি ওজন কমেছে সমাজকর্মীর। এই দীর্ঘ অনশন আন্দোলন নিয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন আইনজীবী রাকেশকুমার সাইনি। আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, “সোনম ওয়াংচুককে দ্রুত কোনও সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হোক। সেখানে তরল খাদ্যের মাধ্যমে মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ভিটামিন তাঁকে জোর করে খাওয়ানোর ব্যবস্থা করা হোক।” বিষয়টির গুরুত্ব বুঝে সম্ভবত বুধবারই জরুরি ভিত্তিতে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।