তলানিতে থেকেছে বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা। ওড়িশার ঢেঙ্কানাল জেলায় এক তরুণ-তরুণীকে একদল লোকের শারীরিক নিগ্রহ ও হেনস্থা করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় সর্বত্র। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। বিহারে এক কিশোর-কিশোরীকে চরম হেনস্থার ঘটনার কিছু দিনের মধ্যেই এই ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানাল জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র কপিলাসের দিকে যাওয়া একটি রাস্তায়। ওই তরুণ-তরুণী একটি মোটরসাইকেলে করে ভ্রমণের জন্য সেখানে গিয়েছিলেন, তখনই কয়েকজন লোক তাদের পথ আটকায়। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একাধিক ব্যক্তি ওই দুজনকে ঘিরে ধরে রয়েছে। ভিডিওতে তরুণটিকে শারীরিকভাবে প্রহার করতে দেখা যায় এবং বেশ কয়েকজন লোক তরুণীর সাথে অশালীন আচরণ শুরু করে। মহিলা বারবার তাঁদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও হেনস্থা ও নির্যাতন চালানো হতে থাকে। ঠিক কী কারণে ওই দলটি তরুণ-তরুণীর পথ আটকেছিল, তাদের মধ্যে আগে থেকে কোনো বিরোধ ছিল নাকি তারা পূর্ব পরিচিত—তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
গোন্দিয়া ব্লকের পুলিশ পরিদর্শক (আইআইসি) প্রতাপ দালেই জানিয়েছেন যে, এই ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিহারের জামুইয়ে এক নাবালক তুই কিশোর কিশোরীর উপর ভয়াবহ হামলার কয়েকদিনের মধ্যেই ওড়িশার এই ঘটনাটি সামনে এলো। জামুইয়ের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
















