চওড়া কলারের শার্ট, বাবরি চুলের ছাঁট, চোখে সানগ্লাস, উজ্জ্বল শ্যুট- ঠিক যেন আটের দশকের অমিতাভ বচ্চন, বিনোদ খান্না বা ফিরোজ খান। এই অবতারে স্যোশাল মিডিয়ায় হাজির কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। ঠিক যেন আটের দশকের কোনও সিনেমার পোস্টার। দেখে বোঝার উপায় নেই, তাঁরা কোনও বলিউড তারকা নাকি মন্ত্রী। ছবির নায়ক অবশ্য আর এই কিলার লুকের নেপথ্যে রয়েছে AI-এর জাদু।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘80s Retro Trend’-এ এবার নিজেকেই নতুন অবতারে হাজির করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। নিজের AI-তৈরি রেট্রো লুক পোস্ট করে লিখেছেন, “Vibing to the 80s trend.” তারপর থেকেই ছবিটি ঘিরে নানা মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। পীযূষের এই ছবি দেখে অনেকেরই প্রথমটা মনে হয়েছে, তিনি বুঝি কোনও পুরনো হিন্দি ছবির নায়ক। অনেকে আবার জানতে চেয়েছেন, রাজনীতিতে আসার আগে সিনেমায় অভিনয়ের কথা কেন ভাবেননি তিনি। আবার কেউ মজা করে বলেছেন, মন্ত্রিসভার বৈঠক ছেড়ে যেন সরাসরি আটের দশকের ছবির সেটে হাজির হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও AI-এর সাহায্যে নিজের একটি রেট্রো লুক তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ফিল্মি অবতারও নজর কেড়েছে নেটিজেনদের। আসলে ‘80s Retro Trend’-এর মূল আকর্ষণই হল পরিচিত মুখকে সম্পূর্ণ অন্য সময়ের মানুষ হিসেবে দেখানো। AI প্রযুক্তি ব্যবহার করে বদলে দেওয়া হচ্ছে পোশাক, চুলের স্টাইল, আনুষঙ্গিক সাজ, আলো এবং ছবির সামগ্রিক আবহ। আধুনিক ছবিতেই যোগ করা হচ্ছে পুরনো ক্যামেরার ফিল্ম গ্রেন, ফিকে রং, উষ্ণ আলো এবং সামান্য ঝাপসা ভাব।
কখনও ঢোলা ব্লেজার, কখনও খোলা কলারের শার্ট, সঙ্গে বড় সানগ্লাস কিংবা আশির দশকের চুলের স্টাইল। সব মিলিয়ে তৈরি হচ্ছে পুরনো বলিউডের (Bollywood) সেই চেনা ‘হিরো’ লুক। সাধারণ নেটিজেনদের পর এবার তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও এই ট্রেন্ডের জনপ্রিয়তা বাড়ছে ফলে রাজনৈতিক বক্তব্যের বাইরে আপাতত অন্য এক কারণেই আলোচনায় পীযূষ গোয়েল ও হিমন্ত বিশ্বশর্মা। অনেকে মজা করে বলছেন, রাজনীতির মাঠে কে এগিয়ে, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু আটের দশকের ‘হিরো’ সাজার দৌড়ে দু’জনেই বেশ ভালোই নজর কেড়েছেন।
















