নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের তীব্রতা বাড়ছে। চাপ বাড়ছে সরকারের উপর। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মধ্যরাতে ফের বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্ন ফাঁস ইস্যুতে তাঁর সরকার যে কড়া পদক্ষেপ নেবে তা জানালেন মোদি।

ভিডিও বার্তায় মোদি বলেছেন, “ আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক। সেই কারণেই গত আড়াই মাসে একাধিক কঠোর পদক্ষেপ করা হয়েছে “দোষীদের ইতিমধ্যেই চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তারা এখন জেলে। আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা ও দায়িত্ব ছিল যাতে এই চরম অনিশ্চয়তার মধ্যেও ছাত্রছাত্রীদের একটি বছরও নষ্ট না হয়। সেই কারণেই দ্রুত পরীক্ষাগুলো আয়োজন করা অত্যন্ত জরুরি ছিল।”

শুক্রবার জরুরি ভিত্তিতে এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। খুব দ্রুত এই বিষয়ে বিল এনে আইন করার কথাও জানিয়েছেন মোদি। তিনি বলেন, পেপার লিক রুখতে আড়াই মাসে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত নিট পরীক্ষা নেওয়া হয়েছে। ১৯ জুলাই ফল প্রকাশ করা হয়েছে। সরকার এখানেই থেমে থাকবে না। আইন প্রণয়ন করা হবে।

 

দলের সব সাংসদকে উপস্থিত থাকতে হবে বাদল অধিবেশনে, হুইপ জারি করল বিজেপি।