পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। তার প্রভাব ভারতের জ্বালানিতেও। এদিকে বিভিন্ন ইস্যুতে বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ। এই পরিস্থিতিতে সংসদে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (CCS) জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval)। মন্ত্রীদের তালিকায় আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, জে পি নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মতো প্রথম সারির কেবিনেট মন্ত্রীরা। উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রকের উচ্চপদস্থ আমলারাও।
দেশের অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের বেশেরভাগই আসে আরব দুনিয়ার দেশগুলি থেকে। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ভারতের জ্বালানি আমদানিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর। সংঘাত আরও বৃদ্ধি পেলেও অপরিশোধিত তেল (Crude Oil), বিভিন্ন পেট্রোলিয়াম সামগ্রী, এলপিজি (LPG) এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) জ্বালানি সরবরাহে টান না পড়ে সে জন্য দেশের প্রস্তুতি খতিয়ে দেখছেন মোদি। এই কারণেই শীর্ষ কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক নেতৃত্বও এই বৈঠকে উপস্থিত।
এদিকে নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্রবিক্ষোভের জেরে ইস্তফা দিতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল লোকসভায় পাশ হলেও, এই ইস্যুতে সরকারের উপর চাপ বজায় রাখছে বিরোধীরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা চাওয়ার দাবি উঠেছে।
তবে কী নিয়ে বৈঠক তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর।
















