প্রধানমন্ত্রী পারতপক্ষে সাংবাদিক বৈঠক করেন না ঠিকই, তবে নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন। বৃহস্পতিবার প্রায় মধ্যরাতে ভিডিও পোস্ট করার ২৪ ঘণ্টা পর ফের শুক্রবার প্রায় বারোটা নাগাদ ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেখানে আগের রাতে দেওয়া ভিডিও বার্তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য অনুসরণকারীদের ধন্যবাদ জানিয়েছেন মোদি। আগের রাতের ভিডিও পোস্টের ফলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পেজগুলির রিচ এবং ফলোয়ারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়া সূত্রে খবর। তবে তাঁর সেই ভিডিও নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
বৃহস্পতিবার রাতের ভিডিও বার্তায় নিট প্রশ্ন ফাঁস নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাত ১১টার কিছু পরে ফের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট মোদির। মূলত ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই ভিডিও। বৃহস্পতিবারের বার্তা দেশবাসীর প্রতিক্রিয়ায় আপ্লুত প্রধানমন্ত্রী। এদিন একেবারে ভ্লগারদের কায়দায় মোদি তাঁর বার্তা শুরু করেন, "Thank you Friends" বলে। বলেন, “বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। আপনারা যে ভাবে আমার গতকাল রাতের মেসেজে উত্তর প্রতিক্রিয়া জানিয়েছেন, গঠনমূলক পরামর্শ দিয়েছেন তাতে আমি অভিভূত।”
সূত্রের খবর, বৃহস্পতিবার মাঝরাতে করা মোদির ভিডিও জেরে রাতারাতি লাফিয়ে বাড়ে তাঁর ফলোয়ারের সংখ্যা। যদিও সেই বার্তাকে 'প্যাথেটিক ভিডিও' বলে সমালোচনা করে বিরোধীরা।
এদিকে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ছাত্র-যুব আন্দোলনের পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের ইনস্টাগ্রাম রিল ও ইন্টাব়্যাক্টিভ সেশনের মাধ্যমে Gen Z-র সঙ্গে যোগাযোগ স্থাপন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, "তরুণরা ইনস্টাগ্রামে রয়েছেন। এটা নাগরিকদের জন্য একটি শক্তিশালী ক্ষেত্র, যার সঙ্গে আমাদের সবারই সংযুক্ত হওয়া প্রয়োজন।"
















