এক নাগাড়ে বৃষ্টির ফলে বুধবার ভোররাতে ধস নেমে মুম্বইয়ে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুম্বই শহরতলির ঘাটকোপার এলাকার চিরাগনগরে গৌসিয়া চউল এলাকায় মারাত্মক হারে বৃষ্টির (Mumbai Rain) কারণে ধস নামে। ধসের নীচে কমপক্ষে তিন থেকে চারজন চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রাথমিকভাবে জানিয়েছে বুধবার ভোর ৩. ৪৮ নাগাদ চিরাগনগরের গৌসিয়া চউল এলাকায় ধস নামে। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়ে একটি টিলার একাংশ ভেঙে পড়ে। স্বাভাবিকভাবেই সেই সময়ে এলাকার মানুষজন ঘুমিয়ে ছিলেন। একটি বাড়ির উপরেই ভেঙে পড়ে টিলা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দু’জন আহত ব্যক্তিকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম সোহেল আনসারি (১৮) এবং মহম্মদ আনসারি (১৪)। সোহেলের মাথায় গুরুতর চোট লেগেছে। মহম্মদ পিঠে চোট পেয়েছেন।
সূত্রের খবর, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন পুরসভার কর্মীরা। দমকল বাহিনী, মুম্বই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যায়। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ এবং ধ্বংসস্তূপ সরিয়ে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত ক্যামেরার সাহায্যে ধ্বংসস্তূপের মিছে কেউ আটকে আছে কিনা দেখা হচ্ছে। মুম্বই পুলিশের DCP গণেশ শিন্ডে এদিনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন উদ্ধারকাজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুততার সাথে কাজ করছে। তাই এই মুহূর্তে মৃত বা আহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাবেনা। অনুমান করা হচ্ছে তিন থেকে চারজন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। ভূমিধসের ঘটনার পর, পরিস্থিতি খতিয়ে দেখতে বিএমসি (BMC)-র মেয়র ঋতু তাওয়াড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার (পূর্ব শহরতলি) অবিনাশ ঢাকনে ঘাটকোপারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
















