পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে চড়া অপরিশোধিত তেলের দাম এবং নানা বিধিনিষেধের প্রতিকূলতাকে একপাশে সরিয়ে রেখে প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে ছুটল ভারতীয় অর্থনীতি। সোমবার কেন্দ্র প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি ২০২৬-’২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ছুঁয়েছে ৭.৮ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৭.১ শতাংশে আটকে থাকার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তাকে রীতিমতো ভুল প্রমাণ করেছে এই পরিসংখ্যান।
অর্থনীতিবিদদের মতে, এই বৃদ্ধির গতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, গত অর্থবর্ষের অর্থাৎ ২০২৫-’২৬ সালের একই সময়ে (জুন ত্রৈমাসিক) বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। সেখান থেকে এক লাফে এই বৃদ্ধি স্পষ্ট করে দিচ্ছে যে সরকারের মূলধনী ব্যয়, পণ্য উৎপাদন এবং রফতানি ক্ষেত্র বেশ গতিশীল। চলতি বছরের শুরুতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার যে আশঙ্কা ছিল, তা কাটিয়ে উঠেছে ভারতীয় অর্থনীতি। মূলত দেশের শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদাই অর্থনীতির এই চাকাকে সচল রেখেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়ানোয় পরিকাঠামো ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা গেছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম চড়া থাকলে আগামী দিনে পরিবহণ খরচ বাড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে উৎসবের আবহে পরবর্তী ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি এই বৃদ্ধির ছন্দ কতটা ধরে রাখতে পারে, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।















