টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি (Delhi)। প্রবল বৃষ্টির জেরে দিল্লির ১১টি জেলায় লাল সতর্কতা (Red Alert) জারি করেছে মৌসম ভবন। সোমবারের পর মঙ্গলবারও দিনভর দিল্লি ও এনসিআরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যেই সোমবারের বৃষ্টিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাস্তা থেকে জনজীবন দুই ক্ষেত্রেই তার প্রভাব পড়েছে।
আবহবিদদের (Meteorologist) মতে, দিল্লির এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পিছনে রয়েছে উত্তর ও পূর্ব দিক থেকে আসা দুধরনের বায়ুর প্রভাব। পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস উত্তর ভারতের দিকে পৌঁছচ্ছে। একই সময়ে উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর সংঘাত হচ্ছে। এর ফলেই দিল্লি ও আশপাশের এলাকায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসম ভবনের (Meteorological Office) বিজ্ঞানী শশী কান্ত (Scientist Shashi Kant) জানিয়েছেন, এই পরিস্থিতিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সোমবারের বৃষ্টির ধাক্কায় ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জল জমেছে। রামমনোহর লোহিয়া হাসপাতাল, এমসের আশপাশ, সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকা, অশোক রোড, কনট প্লেস, আইটিও, পার্লামেন্ট স্ট্রিট-সহ বেশ কিছু জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। এ ছাড়াও বাবা খড়গ সিংহ মার্গ, কনট প্লেস আউটার সার্কল, পার্লামেন্ট স্ট্রিট, আইটিও, এরকে পুরম, ফিরোজশাহ রোড- সহ আরও জায়গা জলমগ্ন হয়ে পড়ে। তার জেরে ব্যাহত হয় যান চলাচল এবং তৈরি হয় দীর্ঘ যানজট। বিমান পরিষেবাতেও তার প্রভাব পড়েছে। ফ্লাইটরেডার২৪-এর হিসাব অনুযায়ী, সোমবার থেকে দিল্লি বিমানবন্দর থেকে ১৮টি উড়ান বাতিল হয়েছে, দেরিতে চলেছে ১৬৬টি।
শুধু দিল্লি নয়, খারাপ আবহাওয়ার প্রভাব পড়তে পারে গোটা এনসিআরেও (NCR)। নয়ডা, গুরুগ্রাম (Gurugram), ফরিদাবাদ, মানেসর, সোনিপত, রোহতক, পানীপত, ঝজ্জর-সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নয়ডা ও গুরুগ্রামে কর্মীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল-কলেজগুলিকেও অনলাইনে ক্লাস করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে লাল সতর্কতার মধ্যে রাজধানী ও সংলগ্ন এলাকায় প্রশাসনের নজর এখন জল জমা, যান চলাচল এবং সম্ভাব্য দুর্যোগের দিকে।
















