‘সিএপিএফ আইন ২০২৬’-এর বিরোধিতা এবং পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এবার দিল্লির যন্তর মন্তরে অনশনে বসছেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। কেন্দ্রীয় সরকারের চাপ বাড়িয়ে ১২ নভেম্বর যন্তর মন্তরে অনশন বিক্ষোভের ঘোষণা করেছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF)। 'অ্যালায়েন্স অফ অল এক্স-প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর ব্যনারে এই ধর্না-অনশনে বসতে চলেছেন অবসরপ্রাপ্ত আধাসেনা জওয়ানরা।
৯ এপ্রিল কার্যকর হয়েছে 'সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) অ্যাক্ট ২০২৬'। সেই আইন অনুযায়ী, এখন থেকে সিআরপিএফ, সিআইপিএফ-সহ কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদে আইপিএস আধিকারিকদের নিয়োগ আইনত স্বীকৃত। সিএপিএফ-এর মোট আইজি পদের ৫০ শতাংশ আইপিএস-দের জন্য সংরক্ষিত থাকবে। এডিজি পদের অন্তত ৬৭ শতাংশ ডেপুটেশনে থাকা আইপিএসদের দ্বারা পূরণ করা হবে। সিএপিএফ-এর সমস্ত স্পেশাল ডিরেক্টর জেনারেল (SDG) ও ডিরেক্টর জেনারেল (ডিজি) পদ শুধু আইপিএস (IPS) ক্যাডারের জন্য সংরক্ষিত থাকবে। গ্রুপ এ সিএপিএফ আধিকারিকদের জন্য ডিআইজি পদের ৫০ শতাংশের সীমা তুলে দেওয়া হয়েছে, যার ফলে আইপিএস-দের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন অবসরপ্রাপ্ত আধাসেনা জওয়ানরা। পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায়ের জন্যও চাপ সৃষ্টি করছেন তাঁরা। 'অ্যালায়েন্স অফ অল এক্স-প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক রণবীর সিং জানিয়েছেন, সরকারের কাছে বারবার আবেদন-নিবেদন করা সত্ত্বেও কোনও সাড়া না পাওয়ায় তাঁরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, "আমাদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই।" সংগঠনের তরফে থেকে অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্তদের সংগঠনের পক্ষ থেকে নতুন আইনের তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এটি সিএপিএফ (CAPF)-এর অভ্যন্তরে ক্যাডার-ভিত্তিক পেশাগত অগ্রগতির প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার চেয়ে যদি প্রেষণ (deputation) এবং প্রশাসনিক সুরক্ষাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, তবে কর্মরত কর্মীদের পক্ষে তাদের পেশাগত আত্মমর্যাদা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে চিঠি লিখে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিল অবসরপ্রাপ্তদের সংগঠন। কিন্তু তাঁদের অভিযোগ তার কোনও সাড়া পাওনা যায়নি। ফলে এবার পথে নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে তারা। ১২ নভেম্বর অনশন কর্মসূচির জন্য স্থান হিসেবে যন্তর মন্তরকে বেছে নেওয়া হয়েছে। এখন মুখ জওয়ানদের প্রশংসা করা বিজেপি সরকার এই অবসরপ্রাপ্ত আধাসেনাদের দাবির প্রতি নজর দেয় কি না সেটাই দেখার।
















