কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের ‘জ্ঞান ভারতম মিশন’-এ অংশগ্রহণের পর অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখাল পশ্চিমবঙ্গ (West Bengal)। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ইতিমধ্যে ৩ লক্ষ ৫০ হাজার ৩৯৪টি পাণ্ডুলিপির সমীক্ষা (Examination of the manuscript) ও প্রাথমিক নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত এই অগ্রগতির হিসাব নথিভুক্ত হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ এই কাজে প্রথম সারির অবস্থান তৈরি করেছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
দেড় মাসেই সাড়ে ৩.৫ লক্ষ পাণ্ডুলিপির সমীক্ষা, জ্ঞান ভারতম মিশনে নজর কাড়ল বাংলা
Sponsored

চলতি বছরের ১৪ মে থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এই প্রকল্পের নোডাল সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। এরপর থেকেই জেলার বিভিন্ন প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, মঠ, মন্দির, রাজপরিবারের ব্যক্তিগত সংগ্রহশালা এবং অন্যান্য ঐতিহ্যবাহী সংরক্ষণাগারে ধারাবাহিকভাবে সমীক্ষা চালানো হচ্ছে। এই উদ্যোগে বহু মূল্যবান ও দীর্ঘদিনের অজানা পাণ্ডুলিপির সন্ধান মিলেছে। দফতরের দাবি, বিরল তিব্বতি, নেওয়ারি ও সংস্কৃত ভাষার বেশ কিছু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপিও এই সমীক্ষার মাধ্যমে চিহ্নিত হয়েছে।
সম্প্রতি নয়াদিল্লিতে জ্ঞান ভারতম মিশনের অধীনে আয়োজিত পাণ্ডুলিপি ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালায় অংশ নেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan, Secretary of the State Information and Cultural Affairs Department)। সেখানে পশ্চিমবঙ্গে পাণ্ডুলিপি অনুসন্ধান, নথিভুক্তিকরণ এবং ডিজিটাল সংরক্ষণের অগ্রগতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে আরও বেশি সংগ্রহস্থলকে এই প্রকল্পের আওতায় আনতে ইতিমধ্যে ১৯টি সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সমীক্ষার পরিধিও বাড়ানো হচ্ছে।
রাজ্য সরকারের লক্ষ্য শুধু পাণ্ডুলিপির সন্ধানেই সীমাবদ্ধ নয়; আগামী দিনে তালিকাকরণ, সংরক্ষণ, ডিজিটাইজেশন, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও জোর দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের লক্ষ্য পূরণ করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় পরিকাঠামো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কেন্দ্রের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তথ্য ও সংস্কৃতি দফতর। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে দেশজুড়ে শুরু হওয়া জ্ঞান ভারতম জাতীয় পাণ্ডুলিপি সমীক্ষায় ইতিমধ্যেই ১.১৯ কোটিরও বেশি পাণ্ডুলিপির তথ্য সংগ্রহ করা হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













