রাজনীতির ব্যস্ততার মধ্যেও বই সঙ্গী ভি ডি সতীশনের (VD Satheesan)। কেরলমের মুখ্যমন্ত্রী (Chief Minister Of Keralam) এখন ‘বুকওয়ার্ম’ (Bookworm) তথা ‘বইপোকা’ নামেও পরিচিত। বিধানসভায় তীক্ষ্ণ বক্তব্য, রাজনৈতিক সংগঠনে সক্রিয় ভূমিকা এবং নির্বাচনী কৌশলের জন্য তিনি যেমন আলোচিত, তেমনই তাঁর আর একটি পরিচয় ক্রমশ সামনে এসেছে—বইপাগল রাজনীতিক। কেরলম বিধানসভার সরকারি প্রোফাইলেও তাঁর বিশেষ আগ্রহের তালিকায় রয়েছে।
কেরলমে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন ইউডিএফের সাফল্যের পরে মুখ্যমন্ত্রী হয়েছেন সতীশন। কেরলম বিধানসভার সরকারি নথিতে ভি ডি সতীশনের শিক্ষাগত যোগ্যতা হিসেবে BA., LLB. এবং পেশা হিসেবে আইনজীবীর কথা উল্লেখ রয়েছে। একই নথিতে লেখাপড়া, ভ্রমণ ও ট্রেকিংকে তাঁর বিশেষ আগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততার মধ্যেও তাঁর বই পড়ার অভ্যাস যায়নি। বই তাঁর কাছে শুধু অবসরের বিনোদন নয়; তাঁর ব্যক্তিগত আগ্রহের একটি দীর্ঘস্থায়ী অংশ। সতীশনের বই পড়ার অভ্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া যায় ২০২৫ সালের পাঠতালিকায়। সেই বছরে ৬০টি বই পড়েছিলেন বলে প্রকাশ্যে তালিকা দেন। ইংরেজি ও মালয়ালম—দুই ভাষার বইই ছিল সেই তালিকায়। সম্প্রতি রাজদীপ সারদেশাইয়ের নেওয়া একটি সাক্ষাৎকারে সতীশন জানান, তাঁর সম্প্রতি পড়া বইয়ের তালিকায় রয়েছে অরুন্ধতী রায়ের Mother Mary Comes to Me, অমিতাভ ঘোষের The Nutmeg’s Curse এবং রদ্রিগো গার্সিয়ার A Farewell to Gabo and Mercedes। অর্থাৎ তাঁর পাঠের পরিধি সাহিত্য থেকে পরিবেশ, ইতিহাস, স্মৃতিকথা এবং সমকালীন বিষয় পর্যন্ত বিস্তৃত। কেরলমের মুখ্যমন্ত্রী জানান, শুধু বই কিনে বাড়ি সাজান না তিনি, তিনি যে বইয়ের নাম বলছেন, তাঁর বিষয়বস্তুও তিনি মুখস্থ বলতে পারেন। কোনও উপন্যাস পড়লেও তাঁর কাহিনী তাঁর মুখস্থ।
বইয়ের সঙ্গে সতীশনের সম্পর্ক যে শুধুমাত্র ব্যক্তিগত পড়ার অভ্যাসে সীমাবদ্ধ নয়, তার আরও একটি উদাহরণ পাওয়া যায় অমিতাভ ঘোষের The Nutmeg’s Curse থেকে। ২০২৬ সালে ‘Read with VD’ অনুষ্ঠানে সতীশন জানান, তাঁর কিছু নীতিগত চিন্তার পিছনে তিনি যে বইগুলি পড়েছেন সেগুলির প্রভাব রয়েছে। The Nutmeg’s Curse তাঁকে কেরলমের জন্য একটি আন্তর্জাতিক মেরিটাইম মিউজিয়ামের ধারণা নিয়ে ভাবতে প্রভাবিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৬ সালের নির্বাচনের পর ভি ডি সতীশন যখন কেরলমের মুখ্যমন্ত্রী হলেন, তখন তাঁর রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই ‘বুকওয়ার্ম’ পরিচয়টিও আলোচনায় আসে। তবে, শুধু পাঠক নন, সতীশন লেখকও। ২০২৬ সালে তাঁর লেখা মালয়ালম বই ‘আদম নী এভিদে আকুন্নু?’ প্রকাশিত হয়। বইটিতে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের সভায় দেওয়া তাঁর ৩২টি বক্তৃতা সংকলিত হয়েছে। বইটির ভূমিকায় সতীশন জানিয়েছেন, বাইবেল পাঠ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল এবং খ্রিস্ট ও খ্রিস্টিয় দর্শন সম্পর্কে লেখাপড়া ও ভাবনার জন্য তিনি সময় দিয়েছেন। রাজনীতির মঞ্চে তিনি বক্তা ও প্রশাসক, আর ব্যক্তিগত জীবনে বই তাঁর সঙ্গী। সেই কারণেই কেরলমের বর্তমান মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন নিরন্তর পাঠক ও চিন্তাশীল মানুষ হিসেবেও পরিচিত।
















