জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অন্তত ১০ জন পড়ুয়া। অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের Internal Complaints Committee বা ICC তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই অধ্যাপক ক্যাম্পাসে নিজের বাসভবনে পড়ুয়াদের বিভিন্ন অজুহাতে আমন্ত্রণ জানাতেন। সেখানে তিনি অশোভন আচরণ ও যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ। পাশাপাশি, ক্লাসের মধ্যেও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, প্রথমে এক পড়ুয়া অভিযোগ জানানোর পর একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে আরও কয়েকজন সিনিয়র ছাত্রছাত্রী সামনে আসেন। প্রায় এক মাস আগে একাধিক অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয়ের কাছে। বর্তমানে অভিযোগগুলির সত্যতা যাচাই করতে তদন্ত চালাচ্ছে ICC। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত JNU প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। জেএনইউ-এর উপাচার্য শান্তিশ্রী ধুলিপুডি পণ্ডিত জানিয়েছেন যে, যৌন হয়রানির অভিযোগগুলো আইসিসি-র মাধ্যমেই নিষ্পত্তি করা হয় এবং উপাচার্য এই কমিটির সদস্য নন। যদিও ওই অধ্যাপক কোনো অভিযোগের বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, সমস্ত অভিযোগই মিথ্যা। আইসিসি (ICC) এই অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে জানিয়েছে বিষয়টি অভ্যন্তরীণ এবং বর্তমানে এর তদন্ত চলছে।















