কেন সম্পূর্ণ বন্দে মাতরম গাইবার সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বাধা দিয়েছিলেন? সেই নিয়ে বিজেপির আক্রমণ অব্যাহত। এই ইস্যুতে মুখ খুলেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁকেও এবার নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপরি শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন: নিউমার্কেট অগ্নিকাণ্ডের জের! চিকিৎসা করাতে কলকাতা এসে বিপাকে বাংলাদেশিরা

শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, "আমার মনে হয়, এমন অনেক ধর্মবিশ্বাসী মানুষ আছেন এদেশে, যাঁরা বহু দেবদেবীতে বিশ্বাস করেন না। তাঁরা এক ও অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী। 'বন্দে কালী' 'বন্দে দুর্গা'- এমন পংক্তিগুলির জন্য কিছু কিছু ধর্মের মানুষের কাছে এই গান গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়াতে পারে।"  প্রবীন অভিনেত্রীর মতে, এই গানের প্রথম দু'টি স্তবক যেগুলিতে মূলত মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলা হয়েছে, সেটুকুই বৃহত্তর পরিসরে গ্রহণযোগ্য হতে পারে। 

এর পাল্টা দিয়ে শমীক বলেছেন, "শর্মিলা ঠাকুর ব্যক্তিগত মতামত দিয়েছেন। কিন্তু শর্মিলা ঠাকুরকেও ভারতীয় জনতা পার্টি মনে করাতে চায়, যে তৈমুর ভারতে আক্রমণ চালিয়ে মন্দির ধ্বংস করেছে, দেশের অনেক মানুষকে জবাই করেছে, এবং বলপূর্বক মানুষকে ধর্মান্তরিতকরণ করেছে, ধর্ষণ করেছে, এই ঘটনাগুলির কথা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এই একই নাম ওঁর নাতির। তার নাম তৈমুর আলি খান। এই কারণে উনি বন্দেমাতরম নিয়ে কম কথা বললেই মঙ্গল।"