ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে ২০ জন চিনা নাগরিক-সহ ২৪ নাবিককে নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ একটি পণ্যবাহী জাহাজ। ইতিমধ্যেই ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষা বাহিনীর তরফ থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।জাহাজডুবির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে চিনের দিকে রওনা দেয়। জাহাজে ২০ জন চিনা নাগরিক, ৩ মায়ানমারের নাগরিক, একজন বাংলাদেশি ছিলেন বলে জানা গিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় জাহাজটি পারাদ্বীপ থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে ছিল। জাহাজের সঙ্গে শেষ যোগাযোগের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি আন্দামান ও নিকোবর ইউনিটের মাধ্যমে তল্লাশি অভিযান চলছে বলে পারাদ্বীপের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে। রবিবার সকালের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় উদ্ধারকারী দল পৌঁছতে পারবে বলে আশা করছেন নৌসেনার আধিকারিকরাও। আকাশ পথ ব্যবহার করে হেলিকপ্টারের মাধ্যমেও চলছে তল্লাশি। কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত জাহাজের নাম, আইএমও নম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
















