কর্মসংস্থান বৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের কার্যকারিতা নিয়ে নানা আলোচনার মধ্যেই সামনে এল কেন্দ্রের সাম্প্রতিক সমীক্ষার তথ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত জেলাওয়াড়ি তথ্যে দেখা যাচ্ছে, দেশের সর্বাধিক বেকারত্বের নিরিখে প্রথম দশটি জেলার মধ্যে ছ’টিই রয়েছে বিজেপি ও তাদের সহযোগী দল শাসিত রাজ্যগুলিতে। অন্য দিকে, বেকারত্বের শীর্ষ তালিকায় প্রথম সারিতে পশ্চিমবঙ্গের কোনও জেলা নেই।
কেন্দ্রীয় সরকারের ‘পিরিওডিক লেবার ফোর্স সার্ভে’ (পিএলএফএস)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জুলাইয়ের তুলনায় অগাস্টে জাতীয় স্তরে বেকারত্বের হার সামান্য কমেছে। তবে জেলাভিত্তিক পরিসংখ্যানে কিছু উল্লেখযোগ্য বৈষম্য স্পষ্ট হয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার অরুণাচল প্রদেশের পাপুমপারে জেলায়, যেখানে এই হার ১৬.১ শতাংশ। দেশে বর্তমান বেকারত্বের জাতীয় গড় যেখানে প্রায় ৫ শতাংশের কাছাকাছি, সেখানে এই জেলায় হার প্রায় তিন গুণ। এর পরেই রয়েছে নাগাল্যান্ডের কোহিমা জেলা, যেখানে বেকারত্বের হার ১৪.৯ শতাংশ। এ ছাড়া প্রথম দশের মধ্যে রয়েছে বিজেপি শাসিত রাজস্থানের জয়পুর, বিহারের পটনা, দক্ষিণ গোয়া এবং উত্তরাখণ্ডের নৈনিতাল।
শীর্ষ দশের তালিকায় অ-বিজেপি রাজ্যগুলির মধ্যে জায়গা পেয়েছে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের সোলান ও সিরমৌর, তেলঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুড়েম এবং জম্মু-কাশ্মীরের শ্রীনগর। অন্য দিকে, পশ্চিমবঙ্গের জেলাগুলি এই তালিকায় তুলনামূলক ভাবে অনেক নীচের দিকে রয়েছে। দেশের মধ্যে বেকারত্বের শীর্ষ তালিকায় রাজ্যের কোনও জেলা প্রথম ৪৮-এর মধ্যে নেই। রাজ্যের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার নিয়ে নদিয়া জেলা রয়েছে ৪৯তম স্থানে। প্রথম একশোটি জেলার মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়া ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জায়গা পেয়েছে। রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বেকারত্বের হার সবচেয়ে কম, মাত্র ০.৯ শতাংশ।
কেন্দ্রীয় রিপোর্টে জেলাওয়াড়ি কর্মসংস্থানের এই পরিসংখ্যান সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। একদিকে যেমন বিভিন্ন রাজ্যের প্রশাসনিক নীতি ও শিল্পোন্নয়নের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে, তেমনই স্থানীয় ভৌগোলিক ও অর্থনৈতিক পরিকাঠামো ভেদে কর্মসংস্থানের এই ফারাক কীভাবে কমানো সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠছে।
















