ককরোচ জনতা পার্টির ( CJP) আন্দোলনে শামিল হয়েছিলেন। মিলেছিল সাফল্য। আর এবার লাদাখের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার পরও যদি সুনির্দিষ্ট কোনও পদক্ষেপ না হয়, তা হলে ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। আগামী ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে লেহ অ্যাপেক্স বডি (LAB)-র প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠক থেকে সন্তোষজনক ফল না মিললে ‘বৃহত্তর আন্দোলন’-এর পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)।

লাদাখের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংবিধানিক দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে লেহ অ্যাপেক্স বডি (LAB) এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)। তাদের অন্যতম দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া। পাশাপাশি সংবিধানগত সুরক্ষার দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তাঁরা। ওয়াংচুকের  (Sonam Wangchuk)অভিযোগ, কেন্দ্রের তরফে লাদাখ এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে ‘বিমাতৃসুলভ আচরণ’ করা হচ্ছে। কেন্দ্রের এই মনোভাব না বদলালে ৯ সেপ্টেম্বরের বৈঠকের পর আন্দোলন আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তাঁর বক্তব্য, লাদাখের বৈধ দাবিগুলির বিষয়ে কেন্দ্রকে এবার স্পষ্ট ও বাস্তব পদক্ষেপ করতে হবে। 

অন্যদিকে, কেন্দ্রের সঙ্গে আলোচনার কথা মাথায় রেখে কার্গিল থেকে লেহ পর্যন্ত প্রস্তাবিত পদযাত্রা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ওই পদযাত্রা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ৯ সেপ্টেম্বরের বৈঠক থেকে সন্তোষজনক ফল না এলে ফের পদযাত্রা এবং বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ওয়াংচুক। একই সঙ্গে লাদাখের পরিবেশ এবং সীমান্তবর্তী এলাকার মানুষের সমস্যার দিকে আরও বেশি নজর দেওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। লাদাখের আন্দোলনে গত বছরের ঘটনাগুলির স্মরণে সেপ্টেম্বর মাসকে ‘শহিদ মাস’ হিসেবেও পালন করছে LAB। গত বছরের ২৪ সেপ্টেম্বর লেহ-তে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে চার জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল বলে সূত্রের খবর।  আর সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন ওয়াংচুক। আন্দোলনের সময় জাতীয় নিরাপত্তা আইনে (NSA) তাঁকে আটকও করা হয়েছিল। প্রায় ছ’মাস হেফাজতে থাকার পর চলতি বছরের মার্চে তিনি মুক্তি পান।

উল্লেখ্য, ২০১৯ সালের অগস্টে লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং রাজনৈতিক-সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন চলছে। সেই আন্দোলনেরই অন্যতম গুরুত্বপূর্ণ মুখ LAB ও KDA। ফলে ৯ সেপ্টেম্বরের বৈঠকে কেন্দ্র কী প্রস্তাব দেয়, সেদিকেই এখন নজর আন্দোলনকারীদের।