সাংগঠনিক পদে রদবদলের পরে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য বদলের পথে বিজেপি (BJP)। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে (Parliament Election) পাখির চোখ করে এখন থেকেই কোমর বাঁধতে লেগে পড়েছে গেরুয়া শিবির। একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election) রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে মোদি ৩.০ সরকারের মন্ত্রিসভায় পরিবর্তন আনা হচ্ছে। নয়া জোটসঙ্গী, তরুণ মুখ ও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সূত্রের খবর।
কয়েকদিন আগেই নতুনভাবে জাতীয় সংগঠন সাজিয়েছেন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Navin)। প্রাধান্য পেয়েছেন মহিলারা। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে মোদি মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী-সহ সদস্য সংখ্যা ৬৯। সংবিধানের ৭৫(১এ) অনুচ্ছেদ অনুযায়ী, মোট সদস্য সংখ্যার সর্বোচ্চ ১৫ শতাংশ মন্ত্রী থাকতে পারেন। এই নিয়ম অনুযায়ী, এখনও ১২টি পদ শূন্য রয়েছে। ফলে সদস্য সংখ্যা বাড়তে পারে। বর্তমান মন্ত্রীদের মন্ত্রকও বদল হতে পারে বলে দিল্লি (Delhi) সূত্রে খবর।
সংগঠনের রদবদলে যাঁদের দলীয় দায়িত্ব দেওয়া হয়েছে, বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে তাঁদের মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে। হর্ষ মালহোত্রাকে দিল্লির ও পঙ্কজ চৌধুরীকে উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে। দলের নতুন সর্বভারতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে। রাজ্যসভার মেয়াদ শেষ হতে চলেছে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ও সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী বি এল বর্মার মতো কয়েকজনের। রাজ্যসভার মেয়াদ শেষে জর্জ কুরিয়ান ও রভনীত সিং বিট্টু মন্ত্রিসভা ছেড়েছেন। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান।
এবারের মোদি ৩.০ মন্ত্রিসভায় তারুণ্যের উপর জোর দেওয়া হবে। বর্তমান মন্ত্রিসভায় ৭০ বছরের বেশি বয়সের কমপক্ষে ১২ জন মন্ত্রী রয়েছেন। এবার অপেক্ষাকৃত কম বয়সীদের মন্ত্রিসভায় আনা হতে পারে। জোর দেওয়া হচ্ছে মহিলা মুখের উপর। পাশাপাশি জোট সঙ্গী বা অন্য জল থেকে ছেড়ে আসা সাংসদদেরকে মন্ত্রিত্ব উপহার দেওয়া হতে পারে। তালিকায় রয়েছেন রাঘব চাড্ডার মতো আপ (AAP) ছেড়ে বিজেপিতে আসা সাংসদরা। বাংলা থেকে এনডিএ-কে সমর্থন জানানো দলবদলু গোষ্ঠীগুলিকেও প্রাধান্য দেওয়া হতে পারে। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া কাকলি ঘোষ দস্তিদারের নাম শোনা যাচ্ছে মন্ত্রিত্বের তালিকায়। এখন কারা কারা জায়গা পান সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
















