১৩ বছরের কম বয়সি শিশুদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কড়া নিয়ম চালুর প্রস্তাব। ভেরিফায়েড পেরেন্টাল কন্ট্রোল বা অভিভাবকের সম্মতি ছাড়া এই বয়সি শিশুদের অ্যাকাউন্ট তৈরি বন্ধ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে শিশুদের অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা এবং তাদের লক্ষ্য করে টার্গেটেড বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।
১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে কড়া নিয়ম!
Sponsored

এই লক্ষ্যেই সংসদে আসতে চলেছে Safeguarding Healthy Internet Environments for Little Digital-Natives (SHIELD) Bill, 2025। এটি একটি প্রাইভেট মেম্বার্স বিল, অর্থাৎ সরকারের পক্ষ থেকে নয়, সাংসদের উদ্যোগে আনা বিল। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পন্ডা এই বিলটি প্রস্তাব করেছেন।
বিলে ১৩ বছরের কম বয়সি শিশুদের জন্য একটি ‘Age Gate’ ব্যবস্থার প্রস্তাব রয়েছে। অর্থাৎ, এই বয়সের কোনও শিশু সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে চাইলে ভেরিফায়েড পেরেন্টাল কন্ট্রোলের প্রয়োজন হবে।
শুধু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেই নয়, শিশুদের অনলাইন কার্যকলাপের উপর নজরদারি নিয়েও কড়া বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। শিশুদের অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা, তাদের পছন্দ ও আচরণ নিয়ে প্রোফাইল তৈরি করা এবং সেই তথ্যের ভিত্তিতে টার্গেটেড বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
এছাড়া শিশুদের পর্নোগ্রাফি, জুয়া ও সিমুলেটেড বেটিং, উগ্রপন্থী কনটেন্ট এবং মাদক সংক্রান্ত বিষয় থেকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্ল্যাটফর্মগুলির উপর দেওয়ার প্রস্তাব রয়েছে।
বিলে আরও বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলিকে বয়স যাচাইয়ের পাশাপাশি পেরেন্টাল কন্ট্রোল ড্যাশবোর্ডের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে অভিভাবকরা সন্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নজরদারি করতে, প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে এবং স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ করতে পারবেন।
তবে এখনও এই বিল সংসদে পেশই হয়নি। শুক্রবার SHIELD Bill, 2025-সহ দু’টি প্রাইভেট মেম্বার্স বিল সংসদে পেশ হওয়ার কথা ছিল। কিন্তু বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।
অন্য বিলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে কোনও ব্যক্তির বাস্তবসম্মত নকল বা imitation তৈরি করে তার অপব্যবহার নিয়ন্ত্রণের প্রস্তাব রয়েছে।
তবে SHIELD Bill নিয়ে একটি বিষয় স্পষ্ট—এটি এখনও আইন নয়। এটি একটি প্রস্তাবিত প্রাইভেট মেম্বার্স বিল। স্বাধীনতার পর থেকে মাত্র প্রায় এক ডজন প্রাইভেট মেম্বার্স বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। ফলে SHIELD Bill-এর প্রস্তাবগুলি এখনই সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য বাধ্যতামূলক নিয়ম হিসেবে কার্যকর হচ্ছে না।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













