আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মাপকাঠি নিয়ে গুরুতর প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, রাজনৈতিক দলের স্বীকৃতির ক্ষেত্রে নির্বাচনী ফলাফল বা সংখ্যার গুরুত্ব থাকলেও নির্বাচিত হওয়ার পরে কোনও জনপ্রতিনিধি যখন তাঁর আনুগত্য পরিবর্তন করেন তখন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। 

কী সেই প্রশ্ন? বিচারপতির কথায়, ভোটাররা আসলে কোনও একটি নির্দিষ্ট দলের জন্যই ভোট দেন, কোনও নির্দিষ্ট প্রতিনিধির জন্য নয়। তাঁর প্রশ্ন, নির্বাচিত হওয়ার পরে কোনও জনপ্রতিনিধি যদি অন্য কোনও দলে যোগ দেন, তা হলে কি তাঁকে দেওয়া ভোটগুলো আদৌ ওই প্রতিনিধি বা তাঁর নতুন দলের প্রতি সমর্থন হিসেবে গণ্য করা যেতে পারে? এটি কি সঠিক প্রতিফলন হবে?

 মহারাষ্ট্রের শিবসেনার মালিকানা ও প্রতীক সংক্রান্ত বিবাদের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণেই প্রতিফলন হয় এই তাৎপর্যপূর্ণ প্রশ্নের।