রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) মামলায় আগামী ১৮ অগাস্ট গুরুত্বপূর্ণ শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। তার আগে আদালতের গঠিত মনিটরিং কমিটিকে (Monitoring Committee) দুদিনের মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের হাতে তাদের রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল (Justice Sanjay Karol) ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের (Justice Prashant Kumar Mishra) ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, ওই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী শুনানিতে রাজ্যের অবস্থান এবং বকেয়া ডিএ পরিশোধের অগ্রগতি খতিয়ে দেখা হবে।

মনিটরিং কমিটির রিপোর্টে আদালতের আগের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, কর্মচারীদের কতটা বকেয়া ডিএ দেওয়া হয়েছে, এখনও কত টাকা বাকি রয়েছে এবং বাকি অর্থ মেটানোর রূপরেখা কী সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই রিপোর্ট ডিজিটাল মাধ্যমে মামলার সব পক্ষের কাছে পাঠাতে হবে।

এদিকে রাজ্য সরকারের দাবি, আর্থিক চাপের কারণে একসঙ্গে পুরো বকেয়া মেটানো সম্ভব নয়। তাই ৮৫ শতাংশ ডিএ পরিশোধের অনুমতি চেয়ে বাকি ১৫ শতাংশে ছাড়ের আবেদন জানানো হয়েছে। রাজ্যের বক্তব্য, চার দফায় ২০২৮ সালের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়েছে, ডিএ দেওয়ার কথা বলা হলেও এখনও অনেক কর্মী কোনও অর্থ পাননি। সব পক্ষের বক্তব্য এবং মনিটরিং কমিটির রিপোর্ট পর্যালোচনার পর ১৮ অগস্ট মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।