কৃষকদের মুখে হাসি ফোটালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। সোমবার ৭৫ হাজার টাকা পর্যন্ত সমবায় কৃষি ঋণ সম্পূর্ণ মকুব করার ঘোষণা করেছেন তিনি। জানান, ৭৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে।

এদিন তামিলনাড়ু বিধানসভায় ১১০ নম্বর বিধির আওতায় এই ঘোষণা করার সময় বিজয় জানান যে, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও কৃষকদের সুরক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কৃষির গুরুত্বের ওপর জোর দিয়ে বিজয় বলেন, “তামিলনাড়ুর মানুষ যদি আমাদের জীবন হয়, তবে তামিলনাড়ুর কৃষকরা হলেন আমাদের জীবনশক্তি।”

মুখ্যমন্ত্রী জানান যে, ২৫ মে দায়িত্ব গ্রহণের পরপরই তাঁর সরকার ক্ষুদ্র, প্রান্তিক ও অন্যান্য কৃষকের ৫০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মকুব করার নির্দেশ দিয়েছিল। রাজ্যের বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষ থেকে অনুরোধ ও দাবির প্রেক্ষিতে সরকার পরবর্তীকালে এই ঋণ-সুবিধার পরিধি বৃদ্ধি করে।

বিজয় জানান, পূর্বে ৫০ হাজার টাকা পর্যন্ত যে ঋণ মুকুবের ঘোষণা করা হয়েছিল সেই সুবিধা থাকছেই। এর সঙ্গে ৭৫০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ১ লক্ষ টাকার বেশি ঋণে সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত মুকুব করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এর জেরে ১.৩৮ লক্ষের বেশি কৃষক অতিরিক্ত সুবিধা পাবেন। ৯৫৩.০৬ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। যার জেরে ১৩.৩৪ লক্ষের বেশি কৃষকের মোট ঋণ মুকুবের পরিমাণ বেড়ে হবে ৬,২২০ কোটি টাকা।

কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে আরও দাবির পরিপ্রেক্ষিতে, ৭ অগাস্ট তাদের প্রতিনিধি, মন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সরকার ঋণ মকুবের সীমা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেয়।