কাশ্মীরে ফের জঙ্গি হামলা। দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। শুক্রবার সন্ধ্যার পর পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় উপত্যকায় ফের আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় লস্কর জঙ্গি সংগঠনের হাত রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কুলগামের একটি ইটভাটায় কাজ করছিলেন ওই দুই শ্রমিক। বিকেলের দিকে তখন সবাই ব্যস্ত। সেই সময়ে আচমকাই ইটভাটায় ঢুকে পড়ে জঙ্গিরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুই শ্রমিক। ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে পালায় জঙ্গিরা।
রক্তাত্ব অবস্থায় দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অন্য একজন শ্রমিককে অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃত শ্রমিক ছত্তিশগডে়র বাসিন্দা। ঘটনার খবর পেয়েই এলাকায় যায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে।
















