চেন্নাই বিমানবন্দরে শুক্রবার সুস্থভাবে নেমেছেন ২১ তামিল পর্যটক (Tamil Tourist)। তাঁদের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। বেশিরভাগই বিশ্বাস করতে পারছিলেন না তখনও, যে এতকিছুর মাঝেও বেঁচে ফিরলেন তাঁরা। চেন্নাই (Channai) বিমানবন্দরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jayshankar) সঙ্গে কথা বলে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নেপালফেরত ২১ তামিল পর্যটক।

চেন্নাই বিমানবন্দরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তামিল পর্যটকরা জানান, পর পর কয়েকটি বাস দাঁড়ানো ছিল নেপাল-তিব্বত সীমান্তের জিরং বন্দরে। হঠাৎই জোরালো শব্দ শুনতে পান পর্যটকেরা। দেখেন পাহাড় থেকে কিছু একটা নেমে আসছে, যদিও সেটা কী প্রথমে বুঝতে পারেননি তাঁরা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লাইন দিয়ে থাকা পর্যটকদের দু'টি বাস ভেসে চলে যায়। তাঁদের তৃতীয় বাসটি মাঝে থাকায় কোনওরকমে বেঁচে গিয়েছে। বোমা বিস্ফোরণের মত আওয়াজ শোনার কিছুক্ষণ পরই বিশাল কাদা-পাথরের জল আছড়ে পড়ে বাসগুলির উপর।

সেই দৃশ্য মনে করে পর্যটকরা জানান কনভয়ের দু'টি বাস (Bus) চোখের সামনে ওই হড়পা বানে হারিয়ে যেতে দেখেছেন তাঁরা এবং সেই সময়ে বাসের ভিতরে যাঁরা ছিলেন তাঁরা ধরেই নিয়েছিলেন বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু সামনে এবং পিছনে বাস ছিল তাই কোনও রকমে বাস থেকে বেরিয়ে উঁচু জায়গায় ওঠা সম্ভব হয়েছে। সেখানে সশস্ত্র পুলিশ বাহিনীর শিবির থাকায় তাঁরাই সেই সময়ে তাঁদের টেনে উপরের দিকে নিয়ে গিয়েছেন।