রাখিপূর্ণিমায় (Rakhi Purnima) ছিল শাড়ি বিলির উৎসব আর অভিযোগ ওই শাড়ি বিতরণ অনুষ্ঠানে ভিড়ের চাপে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত আরও ৩ জন। উত্তরপ্রদেশের বরেলি (Bareilly, Uttar Pradesh) জেলাতে শুক্রবার ওই শাড়ি বিতরণের আয়োজন করেছিলেন এলাকার মেয়র উমেশ গৌতম (Mayor Umesh Gautam) এবং তাঁর ছেলে পার্থ গৌতমের (Partha Gautam) সংস্থা। তবে আশ্চর্যজনকভাবে বরেলির পুলিশ সুপার মনুশ পারেখ জানিয়েছেন এই শাড়ি বিতরণ নিয়ে আগে থেকে তাঁদের কিছু জানানো হয়নি। মৃতার নাম মধু সিং (৪৫)। পরিবার সূত্রে খবর, বরেলি ক্লাবে এলাকার মেয়রের ছেলের সংস্থার তরফে ওই শাড়ি বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে ভিড়ের চাপে মৃত্যু হয় মধু সিং-এর (Madhu Singh)। শুধু তাই নয়, গোটা বিষয়টি চেপে দেওয়া হয়েছিল। মধুর শারীরিক অবস্থা সম্পর্কে অনেক দেরিতে জানানো হয়েছিল তাঁদের।
পুলিশ সূত্রে খবর, বারাদারি থানা এলাকার সাতিপুর কলোনির চন্দ্রগুপ্তপুরমের (Chandraguptapuram, Satipur Colony) বাসিন্দা মধু সিং রাখির অনুষ্ঠান উপলক্ষে শাড়ি নিতে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁর ভাইপো জেপি পূর্ব মণ্ডল-এর সভাপতি রাজা টোমার জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ মধুকে সেখানে ছেড়ে দিয়ে এসেছিলেন তিনি কিন্তু দুপুর দেড়টা নাগাদ ফোন করে জানানো হয় ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন মধু। এরপরেই তাঁকে মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও মহিলার পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, বহু মহিলা সেখানে ভিড় জমানোর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। শাড়ি নেওয়ার জন্য অতিরিক্ত ভিড় হয় এবং হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। বেশ কিছু মহিলা একে অপরের উপর পড়ে যাওয়ার কারণে গুরুতর আহত হন মধু। কিন্তু এতকিছুর পরেও ওই শাড়ি বিতরণ অনুষ্ঠান সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন বরেলির মেয়র। কিন্তু বরেলি শহরের পুলিশ সুপার সাফ জানিয়েছেন আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। তবে বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। অভিযোগ দায়ের হলে তদন্ত করে দেখা হবে।















