ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যেভাবে রূপান্তরকামীদের সম্মান দিয়েছেন, তাঁদের অধিকার নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবার বিহারে প্রধানমন্ত্রীর নামে মন্দির গড়ার পরিকল্পনা ট্রান্সজেন্ডারদের (Transgenders)। বুধবার বিহার রাজ্য রূপান্তরকামী কল্যাণ বোর্ড এই মন্দির নির্মাণের প্রস্তাবে অনুমোদনও দিয়েছে বলে জানা গিয়েছে। মন্দির কবে, কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

২০১৫ সালে গুজরাটের রাজকোটের কোঠারিয়া গ্রামে মোদির অনুগামীরা তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন। প্রধানমন্ত্রী সেই উদ্যোগের বিরোধিতা করায় মূর্তিটি সরিয়ে ফেলা হয়। বিহার রাজ্য রূপান্তরকামী কল্যাণ বোর্ডের এক সদস্য জানিয়েছেন, সে রাজ্যে রূপান্তরকামীদের জন্য কোনও মন্দির নেই। তাই মোদির নামে একটি মন্দির নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কারণ তিনি রূপান্তরকামীদের প্রাপ্য সম্মান ও অধিকার দিয়েছেন। সম্ভবত অগাস্ট মাসে এই বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে বিস্তারিত আলোচনা করার ভাবনা চিন্তা রয়েছে। গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বা তাঁর দফতর থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।