নেপালের (Nepal) ভয়াবহ বিপর্যয়ে স্থানীয় নাগরিক ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয়রা। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Ministry of External Affairs Spokesperson Randhir Jaiswal) সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন তামিলনাড়ুর ২১ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। কৈলাস যাওয়ার জন্য নেপাল হয়ে চিনে ঢুকেছিলেন ২০০ জন কিন্তু এই অবস্থায় তাঁরা সেখানে আটকে রয়েছেন। ভারতীয় দূতাবাসের তরফে এই তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া নেপালের ত্রিশূলী পাওয়ার প্রোজেক্টে কর্মরত ৭৩ ভারতীয় নিখোঁজ বলে জানা গিয়েছে।

গতকাল অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। বুধবার রাতে সহায়তা করতে কাঠমান্ডুতে (Kathmandu) একটি বিমান নামে তাতে ১০টন সামগ্রী ছিল। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকালে আরও একটি বিমান ৩৭.৫ টন ত্রাণ নিয়ে কাঠমান্ডু পৌঁছেছে। একটি কন্ট্রোলরুম ও হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন চালু হয়েছে নেপাল ও বেজিংয়ের ভারতীয় দূতাবাসে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যাঁরা নেপাল ও কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক ট্রাভেল এজেন্সির (Travel Agency) মাধ্যমে মানুষ নেপাল গিয়েছিলেন। সেখান থেকে নেওয়া তথ্য ও নেপালে কর্মরত মিলিয়ে মোট ২৮৮ জন ভারতীয় এখনও নিখোঁজ রয়েছেন। তিব্বতে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ২০০ জন। তবে আপাতত সব তথ্য প্রাথমিক। বাস্তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে। নেপালের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়েছে। চেষ্টা করা হচ্ছে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব ভারতীয়দের উদ্ধার করা যায়।