বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জম্মু-কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে খতম দুই লস্কর জঙ্গি! সেনাবাহিনীর তরফ থেকে এখনও পর্যন্ত নিহতদের নাম কিংবা বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad)-এর সঙ্গে যুক্ত এবং পাকিস্তানি নাগরিক।

ভূস্বর্গের সোহন এলাকায় বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান চালানো হয়। সন্দেহভাজনদের গতিবিধি নজরে আসতেই শুরু হয় তল্লাশি, চারপাশ থেকে এলাকা ঘিরে ফেলা হয়। পালাবার পথ না পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। রাতভর দুপুরের গুলির লড়াই চলে। বৃহস্পতিবার সকালে অভিযান স্থল থেকে ২ জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। সঙ্গে মিলেছে বেশ কিছু অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি। তারা প্রকৃতপক্ষে কোন সংগঠনের সঙ্গে যুক্ত এবং কী উদ্দেশ্যে সোহন এলাকায় ঘাঁটি গেড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর এই অভিযানে যৌথভাবে রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা স্পেশাল ফোর্সেস এবং জম্মু-কাশ্মীর পুলিশ অংশ নেয়। জঙ্গিদের আরও কোনও সহযোগী লুকিয়ে রয়েছে কি না, তা জানতে সকালেও তল্লাশি অভিযান জারি রয়েছে। 

চলতি মাসের শুরুর দিকে বদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। সেখানে লস্কর-ই-তইবার এক কমান্ডার ইয়াসিরের মৃত্যু হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে ফের জঙ্গি সংঘর্ষের জেরে ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশের সম্ভাবনাময় জায়গাগুলিতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।