বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার সময়ই বিপত্তি। যাত্রীর সঙ্গে থাকা পিস্তল পরীক্ষা করতে গিয়ে আচমকা গুলি বেরিয়ে আহত হলেন দুই কর্মী। এরকমই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রবিবার সকালে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের (Lal Bahadur Shastri International Airport, Varanasi)। ঘটনায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।
ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৯টা নাগাদ। আজমগড়ের (Azamgarh) ওই যাত্রী স্ত্রীকে নিয়ে মুম্বই (Mumbai) যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। এয়ার ইন্ডিয়ার IX-1810 বিমানে (Air India flight IX-1810) তাঁদের সফর করার কথা ছিল। নিরাপত্তা বিধি অনুযায়ী, যাত্রীর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে জানতে পেরে সেটি পরীক্ষার জন্য নেওয়া হয়। সেই সময়ই আচমকা পিস্তল থেকে একটি রাউন্ড গুলি ছুটে যায়। মেঝেতে ধাক্কা খাওয়ার পর গুলির গতিপথ বদলে গিয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকা দুই নিরাপত্তাকর্মীকে আঘাত করে।
গুলিতে একজনের হাতে এবং মহিলা কর্মীর উরুতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁদের নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে (New Lakshmi Trauma Centre) পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার পর দুজনের অবস্থাই স্থিতিশীল। বিমানবন্দর অধিকর্তা পুনীত গুপ্তও (Airport Director Puneet Gupta0 ঘটনার কথা জানিয়েছেন। তবে ঠিক কী কারণে অস্ত্র পরীক্ষার সময় পিস্তলটি থেকে গুলি বেরিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। যাত্রীর অস্ত্র রাখার বৈধ অনুমতি ছিল কি না থেকে শুরু করে নিরাপত্তা পরীক্ষার সময় নির্ধারিত নিয়ম যথাযথ ভাবে মানা হয়েছিল কি না একাধিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও আরও কড়া করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারীরা।
















