অরুণাচল প্রদেশের চিনের আগ্রাসন নিয়ে বিতর্ক চরমে।  বিগত কয়েক বছর ধরেই ভারতের এই রাজ্যের বেশ কিছু অংশ চিন অবৈধভাবে দখল করেছে বলেও কূটনৈতিক মহলে বারবার অভিযোগ তুলেছে নয়া দিল্লি। কূটনৈতিক বিতর্কের আবহেই এবার  ভাইরাল হল সেখানকার একটি শিশুর বক্তব্য।

চিনা বলে ডাকায় আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন সেখানকার ছোট্ট বালিকা টিঙ্কল। বিষয়টি নজরে পড়েছে অরুণাচল প্রদেশের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কিরেন রিজিজুর। তিনি ভিডিও কলে কথা বলেছেন টিঙ্কলের সঙ্গে।

 কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় টিঙ্কলের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তাকে চিনা বলা হলে তিনি শান্তভাবে বুঝিয়েছেন এই প্রশ্ন কতটা তাকে ব্যথিত করেছে।

ভিডিওতে দেখা যায় ক্যামেরার সামনে বেঁকে দাড়িয়ে রয়েছে কারগা টিঙ্কল। গায়ে একটা বেগুনি রঙের গেঞ্জি।  ক্যামেরার সামনে আবেগঘনভাবে ছোট্ট শিশুটি বলে, “আমরা ভারতীয়, আপনারা যখন আমাকে চিনা বলেন তখন আমি খুব রেগে যাই। আমার খুব কষ্ট হয়। আমাকে ভারতীয় বলুন। আমি ভারতের  বাসিন্দা। আমি ইটানগরে থাকি।”

টিঙ্কলের এই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। সরল, নিষ্পাপ অথচ আত্মবিশ্বাসী টিঙ্কলের কথায় দেশাত্মবোধ, নিজের পরিচয় নিয়ে এমন গর্বের কথা শুনে মুগ্ধ নেটদুনিয়া। 

 উত্তর পূর্বের মানুষের মনের কথা যেন তুলে ধরেছেন ছোট্ট টিঙ্কল।এরপরই একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। তিনি টিঙ্কলকে বলেন, “গোটা ভারত তোমাকে ভালোবাসে। এমনকি দিল্লিতে নৈশভোজের জন্য টিঙ্কলকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।”

টিঙ্কলের বাড়ি অরুণাচল প্রদেশে। বয়স মাত্র ৪ বছর। তবে সে সেলেব্রিটি। ইনস্টাগ্রামে তার ৪৪ হাজারের বেশি ফলোয়ার্স। ফেসবুক, এক্সে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা ।