কোনও ব্যতিক্রমী পরিস্থিতি সামাল দিতেই পেলেট গান বন্দুক ব্যবহার করা যেতে পারে, স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। যন্তরমন্তরে সিজেপির আন্দোলনে ছররা ব্যবহার নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার না করলে ইস্তফার দাবি তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে সব দায় নিজের ঘাড়ে নিয়েছেন CRPF ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, শুধুমাত্র ব্যতিক্রমী কোনও পরিস্থিতিতেই ছররা গুলি ব্যবহার করতে পারে পুলিশ। 

আরও পড়ুন: পেলেট গান বিতর্ক: ঘটনার দায় নেওয়ার ঘোষণা CRPF ডিজির

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানে শীর্ষ আদালত জানায়, বাহিনীর নিয়মবিধি অনুযায়ী ছররা ব্যবহার করতে পারে পুলিশ। কিন্তু তা শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রেই। এ প্রসঙ্গে 'ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট'-এর নির্দেশিকার কথাও উল্লেখ করে আদালত। ছর্‌রা গুলি ব্যবহারের ক্ষেত্রে আদর্শ কার্যপদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) কী রয়েছে, তা-ও দিল্লি পুলিশকে জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, আন্দোলনের সময় যন্তরমন্ত্ররে মোতায়েন থাকা সব পুলিশকর্মীদের কাছে থাকা গুলির হিসেবঅ জমা দিতে নির্দেশ দিয়েছে। 

নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। সেখানে ২০ জুলাই সংসদ অভিযানের দিন মোতায়েন থাকা সিআরপিএফ কর্মীরা ছররা চালায় বলে অভিযোগ ওঠে। তাতে বেশ কয়েক পাঁচজন জখমও হন বলে অভিযোগ। তারপর ছররা গুলির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলাকারীদের মধ্যে দু’জনের দাবি, তাঁরা আন্দোলনের সময়ে ছররা গুলিতে জখম হয়েছেন।