লন্ডনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাথি বিজয়ের সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছিলেন কয়েকশো সমর্থক। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত বাতিল করা হল নির্ধারিত জনসংযোগ কর্মসূচি। মঙ্গলবার ‘দ্য শার্ড’-এর কাছে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অনুরাগীরা। পরে আয়োজকদের তরফে জানানো হয়, প্রয়োজনীয় অনুমতি না মেলায় অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে, বিপুল জমায়েত নিয়ে নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করেছিল লন্ডন পুলিশ। এরপরই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই হতাশ হন সেখানে উপস্থিত বহু সমর্থক।

এরপরেই এক্স হ্যান্ডেলে বিজয়ের সঙ্গে দেখা করতে আগ্রহী সমর্থকদের উদ্দেশে বিশেষ আবেদন জানানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের অনুরোধে মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। বার্তায় সমর্থকদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বিজয়ের সঙ্গে দেখা করার চেষ্টা না করেন। এমনকি তিনি যে হোটেলে রয়েছেন তার প্রবেশপথে অপেক্ষা করা বা তাঁর যাতায়াতের পথে ভিড় না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিনিয়োগের লক্ষ্যে বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন বিজয়। তামিলনাড়ু সরকারের প্রতিনিধিদলের সঙ্গে নিয়ে একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর দফতরের দাবি, সফরে প্রায় ১২,৩০০ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ৯,৪০০-র বেশি কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বুধবার তাঁর ভারতে ফেরার কথা। তামিলনাড়ুতে শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে বড় বিনিয়োগের উদ্যোগ নিয়েই মুখ্যমন্ত্রী তথা অভিনেতা-রাজনীতিক সি. জোসেফ বিজয়ের ব্রিটেন সফরে একাধিক সংস্থার সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। সবচেয়ে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে অটো-কম্পোনেন্ট প্রস্তুতকারক সংস্থা 'সাম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল' এর কাছ থেকে। ইউরোপ ও ব্রিটেনের যৌথ উদ্যোগের অংশীদারদের সঙ্গে মিলে আগামী পাঁচ বছরে তামিলনাড়ুতে প্রায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য রাজ্যের Guidance Tamil Nadu-র সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। পাশাপাশি ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তিগত পরামর্শ এবং ভারী যন্ত্রপাতি উৎপাদন ক্ষেত্রেও বিনিয়োগের প্রস্তাব এসেছে। EY তামিলনাড়ুতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার গড়তে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া সুইডেনের Sigma Technology Group রাজ্যে তাদের ডিজিটাল পরিষেবা ও ইঞ্জিনিয়ারিং কার্যক্রম সম্প্রসারণের জন্য চুক্তি করেছে। ভারতে প্রস্তাবিত প্রায় ৩ হাজার কোটি টাকার বিনিয়োগের জন্য তামিলনাড়ুকে সম্ভাব্য গন্তব্য হিসেবে বেছে নিয়েছে ইউরোপের একটি শীর্ষস্থানীয় অটো স্পেয়ার পার্টস প্রস্তুতকারক সংস্থা। বিনিয়োগের আগ্রহ জানিয়ে Guidance Tamil Nadu-র ম্যানেজিং ডিরেক্টর দীপক জ্যাকবের হাতে লেটার অব ইনটেন্ট তুলে দিয়েছে সংস্থাটি। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বিনিয়োগ বাস্তবায়ন এবং রাজ্যে সংস্থার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।