অনশন মঞ্চ থেকে শনিবার একপ্রকার জোর করেই তাঁকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। অনশনের ২২ তম দিনে দিল্লির সফদরজং হাসপাতালের বেডে শুয়ে নিজের হাতে চিঠি লিখলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁকে তুলে নেওয়ার পরে ককরোচ জনতা পার্টি (CJP) যে সংসদ অভিযানের ডাক দিয়েছে তা সফল করার ডাক দিয়েছেন ওয়াংচুক। একই সঙ্গে একে 'ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন' বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। সোনমের অভিযোগ, তাঁকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখা হয়েছে। 

শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরের অনশন করছেন সোনম। দিল্লি হাই কোর্ট সোনমের স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলেছিল সরকারকে। শনিবার বিক্ষোভস্থলে গিয়ে সোনমকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু তাঁর অনশন ভাঙানো যায়নি। রবিবার তাঁর অনশনের ২২তম দিন। আর এদিন দিল্লির হাসপাতালে শুয়েও চিঠি লিখে আন্দোলনের বার্তা দিলেন সোনম ওয়াংচুক। নিজের লেখা চিঠিটি স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর হাত দিয়ে পাঠিয়েছেন তিনি। 

২০ জুলাই CJP-র তরফে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। চিঠিতে তা সফল করার ডাক দিয়েছেন সোনম। আট লাইনের চিঠিতে তিনি লেখেন, ‘‘এটা ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। পার্লামেন্টে চলুন। এই কর্মসূচিকে সফল করে তুলুন। সফদরজং হাসপাতালে যেখানে বেআইনি ভাবে আমাকে আটক করে রাখা হয়েছে, সেখান থেকে গীতাঞ্জলির মাধ্যমে এই চিঠি পাঠালাম।’’ এরপরেই সংসদ অভিযানকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে ওয়াংচুক লেখেন, ‘‘২০ জুলাই, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত।’’ সমাজমাধ্যমেও এই চিঠি প্রকাশ করা হয়েছে।