আত্মহত্যা করার পরিকল্পনা করেই কি আগে থেকে এয়ার বিএনবি বুক করেছিলেন সম্ভব জৈন (Sambhav Jain)? নাকি আসার পর এমন কিছু হয়েছিল যাতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি? নয়ডার সেক্টর ৯৪-এর (Noida Sector 94) বহুতল থেকে যুবকের ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অনলাইনে এক দিনের জন্য এয়ার বিএনবি বুক করে সেখানে শুক্রবার চেক-ইন করেছিলেন সম্ভব। আর তার পরের দিন ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

মানেশ্বরের বাসিন্দা সম্ভব শুক্রবার দুপুর ৩টে নাগাদ চেক-ইন করেন। শনিবার সকালে বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ দেন তিনি। এবং অতও উপর থেকে পড়ার ফলে দেহটি দু টুকরো হয়ে যায়। সেই সময় আশপাশে কাজ করছিলেন কয়েকজন কর্মী। সম্ভবকে বিপজ্জনক অবস্থায় দেখতে পেয়ে তাঁকে থামানোর চেষ্টা করেন তাঁরা। নিরাপত্তারক্ষীরাও ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আটকানো যায়নি।

ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে (Autopsy) পাঠানো হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থল পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার উদ্দেশ্যেই ওই পদক্ষেপ করেছিলেন সম্ভব।

তবে তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এয়ার বিএনবি বুকিংয়ের (Airbnb booking) সময়ই কি সম্ভব আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি সেখানে চেক-ইন করার পর কোনও কারণে তাঁর সিদ্ধান্ত বদলে যায়? বুকিংয়ের সময়, চেক-ইনের পর তাঁর গতিবিধি এবং ঘটনার আগে কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার আগে সম্ভবকে চিন্তিত দেখাচ্ছিল। তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে। কেন এক দিনের জন্য ওই আবাসন বুক করেছিলেন এবং সেই বুকিংয়ের সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, আপাতত সেই উত্তরই খুঁজছে পুলিশ।