ছাত্র আন্দোলনের জয়! যুবশক্তির জয়! ছাত্র আন্দোলনের প্রবল চাপে অবশেষে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খুশির হাওয়া দিল্লির যন্ত্রর মন্তর চত্বরে। এটাই ককরোচ জনতা পার্টির প্রথম জয়। সিজেপি প্রধান অভিজিৎ দীপকে এই পদত্যাগকে গণতন্ত্রের জয় বলে জানিয়েছেন, " আমরা করে দেখিয়েছি। বলা হত এই সরকারে পদত্যাগ হয় না। কিন্তু এখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছন। তাঁর ইস্তফা প্রমাণ করে যদি জনগণ এই সরকারকে ভয় না পায়, সরকারের কাছে মাথা নত না করে তাহলে যাকে ইচ্ছা পদত্যাগ করাতে পারে।"

তবে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও আন্দোলনে অনড় দীপকে আরও জানিয়েছেন, "আমাদের আরও দুটো দাবি আছে। নিটে প্রশ্ন ফাঁসে যে ছাত্র-ছাত্রীরা আত্মহত্যা করেছে তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও, ২০ তারিখে যন্তরমন্তরে সিজেপি আন্দোলন রুখতে দিল্লি পুলিশ ছাত্রদের উপর কড়া পদক্ষেপ নিয়েছিল। লাঠি চার্জে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্ষমাও চাইতে হবে ছাত্রদের কাছে। আমরা আমাদের দিক থেকে কোনও বে -আইনি বা অনৈতিক পদক্ষেপ নেব না। তবে মনে রাখবেন ককরোচ একবার ঢুকলে আর বেরোয় না।"

আরও পড়ুন: দেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

শনিবার সিজেপির সঙ্গে কেন্দ্র দ্বিতীয়দফা বৈঠকে বসতে চলেছে।  কিন্তু তার আগেই দেশ জুড়ে প্রবল আন্দোলনের চাপে নতিস্বীকার করতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। তবে সিজেপির তরফে যে তিন দফা দাবি ছিল তারমধ্যে প্রধান দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই নিয়ে বেশ কয়েক দিনে উত্তাল হয়েছে গোটা দেশ। পরিস্থিতি নাগাল ছাড়া হতে পারে এই ভয় পেয়ে পদক্ষেপ করল কেন্দ্র, তবে এখন সিজেপির কী পদক্ষেপ হয় সেটাই দেখার।