শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে বিরোধীদের বিক্ষোভ, অধিবেশন শুরু হতে না হতেই বারোটা পর্যন্ত তা মুলতবি ঘোষণা করলেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ তার জন্য জবাবদিহি করতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু অধিবেশন চলাকালীন অমিত শাহ (Amit Shah) সংসদে আসছেন না কেন, এই প্রশ্ন তুলে ইন্ডিয়া (I.N.D.I.A)ব্লক ব্যানার পোস্টার হাতে মকর দ্বারের বাইরে বিক্ষোভ দেখায়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে সমাজমাধ্যমে পোস্টও করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে (NEET Scam) তোলপাড় দেশ। জেন জি প্রতিবাদ আন্দোলনের জেরে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তারপরও যেভাবে তরুণ প্রজন্মের উপর আক্রমণ নেমে আসছে তার প্রতিবাদে সরব হতে দেখা গেছে ককরোচ জনতা পার্টিকে (CJP)। এই আবহে শুক্রবার রাহুল এক্স পোস্টে লিখেছেন, 'প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ—আপনারা ভয় দেখিয়ে ‘জেন-জি’কে চুপ করাতে পারবেন না। প্রথমে আপনারা তাঁদের হাড় ভেঙেছেন। আর এখন আপনারা এফআইআর দায়ের করছেন এবং তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আপনারা ভারতের অতীত। ভারতের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন, সে বিষয়ে সতর্ক হোন।' চলতি সপ্তাহের অধিবেশনে বারবার বিরোধীরা দাবি করেছেন, পুলিশি অত্যাচার নিয়ে শাহকে সংসদে বিবৃতি দিতে হবে। কিন্তু লোকসভা বা রাজ্যসভাতে বৃহস্পতিবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মেলেনি। শুক্রবার অধিবেশন শুরুর আগে প্রিয়াঙ্কা গান্ধী-সাগরিকা ঘোষসহ ইন্ডিয়া ব্লকের সাংসদদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। এরপর স্টিকার প্রশ্নোত্তর পর্ব শুরু করার কথা বললেও বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদ থামেনি। দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন ওম বিড়লা।
















