হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে ইতিহাসে এই প্রথম মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্টের ঘোষণা! বিমান হামলার আশঙ্কায় সৌদি আরবের পশ্চিম উপকূলীয় অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সিডিল ডিফেন্সের সতর্কবার্তার জেরে মদিনার প্রিন্স মহম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়। মক্কার পাশাপাশি জেদ্দা এবং তায়েফ গভর্নরশিপসহ বেশ কয়েকটি অঞ্চলেও হামলার আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক সময়ে একাধিকবার সৌদি আরবের উপর হুথি বিদ্রোহীদের একাধিক মিসাইল ও ড্রোন হামলায় সৌদি আরবের একটি তেল শোধনাগারে আগুন লেগে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়। পাল্টা জবাব দেয় ইয়েমেন সরকার। সৌদির যৌথ বাহিনীর সঙ্গে মিলে তাইজ শহরের কাছে একাধিক স্থানে পাল্টা বিমান হামলা চালায়। যার জেরে পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠেছে। হুথিদের পলিটব্যুরো সদস্য হাজেম আল-আসাদ সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন সৌদির আগ্রাসন বজায় থাকলে তারা পাল্টা হামলা করা থামাবে না।
হুথিদের ঘোষিত লোহিত সাগরের সামুদ্রিক অবরোধ এবং সৌদির জাহাজে লাগাতার আক্রমণকে কেন্দ্র করে ইয়েমেনের গৃহযুদ্ধ ক্রমশ বড় আকার ধারণ করে।বাব আল-মানদাব প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করার জন্য সৌদি যুবরাজের দেওয়া অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আপাতত নিজেদের কৌশল ও বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য হচ্ছে রিয়াদের শীর্ষ নেতৃত্ব। এরই মাঝে বিমান হামলার সতর্কবার্তা জারি হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। যদিও পরবর্তীতে সৌদির সিভিল ডিফেন্সের পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডেলে নিশ্চিত করা হয় যে মক্কায় বিপদের সম্ভাবনা কেটে গিয়েছে, তবে নাগরিকদের আপাতত নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
















