‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে বিদেশের মাটিতে চরম হেনস্থা জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে (Bangladeshi actress Azmeri Haque Badhon)। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Venice International Film Festival) অংশ নিতে ইতালিতে গিয়ে একদল প্রবাসী বাংলাদেশির হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও কটাক্ষের শিকার হয়েছেন বলে অভিযোগ। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাশুল গুনলেন বাঁধন।
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমেজের মধ্যেই আওয়ামী লিগ ও ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেওয়া একদল প্রবাসীর হাতে চরম শারীরিক হেনস্থা ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, ভাইয়ের চার বছরের শিশুও রেহাই পায়নি। ঘটনাটি ঘটেছে ইতালির মেস্ত্রে (Mestre) এলাকার একটি পার্কে, যেখানে তিনি তাঁর ভাইয়ের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
ফেসবুক পেজ থেকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন বাঁধন এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। তিনি জানান, যখন তার ভাইয়ের পরিবারের সাথে পার্কে ছিলেন, তখন একদল বাঙালি প্রবাসী তাদের ঘিরে ধরে। তারা বাঁধনকে লক্ষ্য করে ‘জুলাই জঙ্গি’ এবং ‘দেশ ধ্বংসকারী’ বলে স্লোগান দিতে থাকে। অভিনেত্রীর উপর কোল্ড ড্রিংকস ও জলের বোতল ছুড়ে মারা হয়, যার ফলে তিনি সম্পূর্ণ ভিজে যান। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে হামলাকারীদের একজনকে বলতে শোনা যায়, সে একজন ‘জুলাই জঙ্গি’। ”সে এখন ভেনিসে, আমরা ভেনিস ছাত্রলীগ এই দেশদ্রোহী জঙ্গিকে ধরেছি।”
বাঁধন আরও অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলে দাবি করে এবং তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। পুরো ঘটনাটি তারা মোবাইল ফোনে ভিডিও ও লাইভ করছিল। বাঁধন বলেন, “আমার গায়ে হাত তোলা হয়েছে, আমার ভাইয়ের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়েছে এবং আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তারা আমাকে মেরেই ফেলতে পারত।”
ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বাঁধন বলেন, “এত সহজে বাঁধনকে থামানো যাবে না। আজ আপনারা পুরো পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করলেন যে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে আসা একজন অভিনেত্রীকে আপনারা কীভাবে হেনস্থা করলেন। আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বের হওয়া উচিত ছিল। এভাবে আপনারা নিজেদের ফেরাতে পারবেন না।”
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই ইটালিতে গিয়েছেন নায়িকা। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিটি সেখানে প্রদর্শিত হবে। ওই ছবিতে অভিনয় করেছেন বাঁধন। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন ইটালির মেস্ত্রে শহরে। সোমবার রাতে ভাইয়ের পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। তখনই ঘটে এমন অপ্রত্যাশিত ঘটনা।
তবে এই ঘটনার পর চারদিকে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রীর উপর এমন বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ নেটিজেনরা অবিলম্বে ইতালি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।














