নিউইয়র্কের টাইমস স্কোয়ারে (New York's Times Square) খুন হলেন ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্তি (Bank of America Vice President Erin Piasenti)। অতর্কিত এই হামলায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে খবর, হামলাকারী একজন মহিলা। পুলিশের গুলিতে পরে তাঁরও মৃত্যু হয়েছে।

প্রায় পঞ্চাশ বছর বয়সী আততায়ীর নাম পামেলা সিসনেরোস (Pamela Cisneros)। তদন্তকারীরা জানান, পামেলা কুইন্সের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল। এই সমস্যার কারণে ২০১৮-২০১৯ সালে কিছু ঘটনাও ঘটায় সে। তাতে নিউ ইয়র্কের পুলিশও জড়িয়ে পড়েছিল। কিন্তু অতীতে কখনওই তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্যাঙ্ক অফ আমেরিকার নিউ ইয়র্ক সিটি অফিসে ‘ভাইস প্রেসিডেন্ট অফ বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ পদে কর্মরত ছিলেন এরিন। সোমবার বিকেলে টাইমস স্কোয়ারে গিয়েছিলেন। ভিড়ের মধ্যেই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় এক মহিলা। ঘটনায় গুরুতর জখম হন ওই আধিকারিক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে সূত্রে খবর, এরিনের উপর হামলার আগে ৬৮ বছরের এক ব্যক্তির পেটে ছুরি চালিয়েছিলেন এই হামলাকারী।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ (New York Police Commissioner Jessica Tisch) জানান, বডি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, পামেলা দু’জনকে এলোপাথাড়ি কোপানোর পরেও প্রায় চার মিনিট ধরে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন পুলিশ অফিসারেরা। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। উল্টে পামেলা পুলিশ অফিসারদের দিকেই তেড়ে যায়। তাঁদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তাই বাধ্য হয়েই পুলিশকে গুলি চালাতে হয়।

এই পুলিশি পদক্ষেপকে সমর্থন করেছেন মেয়র জোহরান মামদানি (Mayor Zohran Mamdani)। বলেন, ‘আমি নিউ ইয়র্কের পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই। ওঁরা দ্রুত পদক্ষেপ করে ভয়াবহ বিপর্যয় থেকে আমাদের রক্ষা করেছেন।’