ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিসে (National Air Traffic Service) প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যাহত সে দেশের বিমান পরিষেবা। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও পর্যন্ত অন্তত ১৩০০ উড়ান বাতিল করা হয়েছে। হিথ্রো, গ্যাটউইক, ম্যাঞ্চেস্টার, লিভারপুল, বার্মিংহাম, এডিনবরা-সহ ব্রিটেনের প্রায় সব কটি প্রধান বিমানবন্দরগুলিতেই পরিষেবা বন্ধ।ভোগান্তির শিকার কয়েক লক্ষ যাত্রী!
মঙ্গলবার রাত থেকে বিমান বাতিল হওয়ার প্রসঙ্গে NATC জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি ‘ফ্লাইট ডেটা প্রসেসিং সিস্টেম’-কে এতটাই প্রভাবিত করেছে যে পরিষেবা সচল রাখা সম্ভব হয়নি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করা গিয়েছে। ততক্ষণে হাজারের বেশি উড়ান বাতিল হয়ে গেছে। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর থেকেও বেশ কয়েকটি উড়ান বাতিলের খবর মিলেছে। ঠিকমতো পরিষেবা না দিতে পারার কারণে যাত্রীদের ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিসের তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। বুধবার লন্ডনে এখনও পর্যন্ত ১৭৭টি উড়ান বাতিল হয়েছে। বেশ কয়েকটি বিমানের রুটও পরিবর্তন করা হয়েছে বলে খবর মিলেছে।
ব্রিটেনের বিমান পরিষেবাজনিত বিভ্রাটে বিরক্ত যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আজ এয়ার ইন্ডিয়া একাধিক বিমান বাতিলের আশঙ্কা প্রকাশ করেছে। এয়ারপোর্ট যাওয়ার আগে একবার নিজেদের উড়ান সম্পর্কিত লেটেস্ট তথ্য জেনে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা জানিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে অথচ কোনও কিছুই খোলসা করে বলেনি কর্তৃপক্ষ। আজ আরও কয়েকটি বিমান বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে।














