যে দেশে লোকেদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে চিন্তায় দিন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই দেশ এবার চন্দ্রযান পাঠাবে। গোটা বিশ্ব যখন চাঁদ নিয়ে গবেষণায় নানা অভিযান চালাচ্ছে সেই সময় শাহাজ শরিফের দেশ সেই ইঁদুর দৌড়ে সামিল হল।
চিনের (China) সাহায্যে ২০২৯ সালে প্রথম চন্দ্রযান 'জিন্নাহ-১' চাঁদে পাঠাবে পাকিস্তান (Pakistan)। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। চিনের চ্যাং-ই মিশনের অংশ হিসাবে রোভারটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে নানা বৈজ্ঞানিক গবেষণা চালাবে। ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (Pakistan Space and Upper Atmosphere Research Commission) এমনটাই জানিয়েছে।
উল্লেখ্য কমিশন আরও জানিয়েছে, এই চন্দ্রযানের নামকরণ নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে প্রায় ৪০০০টিরও বেশি প্রস্তাব জমা পড়েছিল। এর মধ্যে সাতজন প্রতিযোগী এই 'জিন্নাহ-১' নামটি প্রস্তাব করেন। পরে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এই নাম প্রস্তাব করে বাহাওয়ালনগরের ১৭ বছরের যুবক।
২০২৯ সালের এই পরিকল্পিত অভিযান সফল হলে 'জিন্নাহ-১-এর মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তান সরাসরি চাঁদের পৃষ্ঠে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবে।
জিন্নাহ-১ কী কী করবে?
* চাঁদের পৃষ্ঠের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করবে
* ভবিষ্যতে চাঁদ নিয়ে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষাও চালাবে
* চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে যেখানে দুর্গম ও অসমতল ভূখণ্ডের পাশাপাশি বরফের সম্ভাব্য উপস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করবে এই চন্দ্রযান।
















