হিমবাহ ভেঙে পাহাড় থেকে নেমে আসা বিপুল জলস্রোতে তছনছ নেপাল, ক্ষতিগ্রস্ত তিব্বতও (Tibet)। গত কয়েকদিন ধরে বলেন্দ্রর দেশের মৃত ও নিখোঁজের পরিসংখ্যান সামনে এলেও চিন (China) তিব্বতের খবর চেপে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠতেই এবার তথ্য প্রকাশ জিনপিং সরকারের। রবিবার সকালে অবশেষে বেজিং জানাল, তাদের হিসাব অনুযায়ী নিখোঁজ ৫৫৮ জন।হড়পা বানে তিব্বতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপালকে (Nepal) সাহায্য করতে এগিয়ে এসেছে একের পর এক দেশ। প্রতিবেশী রাষ্ট্রে শুধুই ধ্বংসলীলা আর মৃত্যু মিছিল। আচমকা আসা এই দুর্যোগের জন্য অনেকে চিনের কৃত্রিম বাঁধ নির্মাণের ঘটনাকেও দায়ী করেছেন। পাশাপাশি অভিযোগ ওঠে পথে এই বানের ক্ষয়ক্ষতি সংক্রান্ত সমস্ত ছবি ভিডিও নাকি চিন্ট সরকার মুছে ফেলেছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র উদ্ধারকাজের ছবি রাখা হয়েছে। এরপরই রবিবার সকালে লাল ফৌজের দেশের তরফে জানানো হয়, তিব্বতে এখনও পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ। এছাড়াও ৪৯ জন ভারতীয়, ১০৪ নেপালি, ১৮ আমেরিকান, ১৫ ব্রিটিশ নাগরিক এবং উত্তর ইউরোপের দেশ লাতভিয়ার ৩৩ জন বানের পর থেকে নিখোঁজ। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ৪ জন, আয়ারল্যান্ডের ২, ফ্রান্সের ২, কানাডা ৬ জন, অস্ট্রেলিয়ার ৬ নিউজিল্যান্ডের ২ নাগরিক, হাঙ্গেরির ১ কাজাখাস্তানের ১ জন, পর্তুগালের ১, মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়া থেকে ৩ জন করে নিখোঁজ তালিকায় রয়েছেন। তবে যেখানে বান আছড়ে পড়েছিল সেই তিব্বত সীমান্তের গিরং কাউন্টিতে আর কোনও বিদেশি আটকে নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে নেপালে রবিবার সকাল পর্যন্ত ৭৩৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অন্তত ২৫০০ জন!