অরুণাচল প্রদেশ নিয়ে চিনের নাম বদলের পালটা জবাব দিল ভারত। এলএসি সংলগ্ন অরুণাচলের ২৭টি জায়গা ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে সরকারি মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে চিহ্নিত করেছে নয়াদিল্লি। সার্ভে অফ ইন্ডিয়া এই নতুন মানচিত্র প্রকাশ করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করেই মানচিত্রটি তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছে সীমান্তবর্তী গ্রাম লংজু, মাজা ও বিসা। এছাড়াও জোলা, রিজালা, পুকুর লা-সহ কয়েকটি গিরিপথ এবং ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের সঙ্গে যুক্ত থাগ লা রয়েছে। বিতর্কিত এলাকা লংজুও এই তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম নিজেদের মতো করে বদলেছে চিন। ২০২৪ সালের এপ্রিলেও অরুণাচলের ৩০টি জায়গার নাম বদলের তালিকা প্রকাশ করেছিল বেজিং।

চিনের সেই পদক্ষেপের পালটা হিসেবেই অরুণাচলের ২৭টি জায়গাকে ভারতের সরকারি মানচিত্রে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হল বলে মনে করা হচ্ছে।