মায়ের মৃত্যুতে মাত্র পাঁচ ঘণ্টার জন্য জেল থেকে বেরনোর ছাড়পত্র পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das ) ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু। বৃহস্পতিবার চট্টগ্রাম (Chattagram) জেলা প্রশাসনের তরফে ৫ ঘণ্টার প্যারোলের নির্দেশ দেওয়া হয়। এদিন সকালেই চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যারানি ধরের মৃত্যু হয়। তার পরেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে চিন্ময় প্রভুর মায়ের মৃত্যু হয়। অসুস্থ হওয়ার পর চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত মঙ্গলবার নিজেই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সন্ধ্যারানি। চিন্ময় প্রভুও দীর্ঘদিন এই আশ্রমে থাকতেন। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন সন্ধ্যারানি। তাঁর ক্যান্সার হয়েছিল। কিন্তু হাসপাতালে থাকতে চাইছিলেন না তিনি। বৃহস্পতিবার আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশে (Bangladesh) গণঅভ্যুত্থানের পরেই ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় প্রভুকে গ্রেফতার করে সেদেশের কেয়ারটেকার সরকার। ভোটের পরে নতুন সরকার গঠন হলেও মুক্তি পাননি তিনি। পরিবার সূত্রে খবর, ছেলে দীর্ঘদিন কারাগারে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যারানি। ছেলের অসুস্থতা সত্ত্বেও বারবার জামিন না হওয়া দুশ্চিন্তায় ছিলেন তিনি। বুধবার গুরুতর অসুস্থ মাকে দেখার জন্য চিন্ময় প্রভুর শর্ত সাপেক্ষে প্যারোল দেওয়ার আবেদন করে তাঁর পরিবার। কিন্তু চট্টগ্রামের জেলাশাসক মহম্মদ জাহিদুল ইসলাম মিঞা আইনের অজুহাত দিয়ে সেই আবেদন নাকচ করে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানাতেও চিন্ময় প্রভু সঠিক সময় প্যারোল না পাওয়ায় উঠছে প্রশ্ন। তবে, চিন্ময় কৃষ্ণ দাসের জেলমুক্তির বিষয়ে আশাবাদী বাংলাদেশের সংখ্যালঘুরা।
















