আফ্রিকার সোনার খনিতে ধস নেমে বিপত্তি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার (স্থানীয় সময়) মধ্য আফ্রিকার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনিতে ধস নেমে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। আরও অনেকে আটকা পড়েছেন। যদিও এই প্রথম নয়, এর আগেও আফ্রিকার সোনার খনিতে ধসের ফলে বেশ কয়েক জন শ্রমিকের মৃত্যু হয়। খনি শ্রমিকদের মতে মঙ্গলবার সকালে নানা-মামবেরে অঞ্চলের আব্বা এলাকায় সাধারণ প্রযুক্তিনির্ভর ও ছোট ওই খনিটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই অঞ্চলে আটকে পড়া শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু করেছেন উদ্ধারকারীরা। তবে যত সময় যাচ্ছে তাঁদের জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্রমশ কমে আসছে বলেও জানিয়েছেন উদ্ধারকারীরা।

এদিনের ঘটনার পর ডেপুটি মেয়র সুলেমান বি জানিয়েছেন, উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার চেষ্টায় ধসে পড়া খনি থেকে ৩০টি দেহ উদ্ধার করেছেন। কয়েক জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে সহায়তা করার জন্য বিভিন্ন সংস্থা ও সাধারণ বাসিন্দাদের সাহায্য করার আবেদন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, হতাহতদের বেশির ভাগই তরুণ যুবক এবং মহিলা। গর্ত থেকে কাদামাখা দেহ তোলা হয়েছে তাঁদের। হতাহতদের পরিবারের জন্য সাহায্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা।

মধ্য আফ্রিকার ওই অঞ্চলে ছোট খনিতে প্রায়ই ধস নামে। এমতাবস্থায় খনি শ্রমিকদের কাছে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা থাকে না এবং এসব দুর্ঘটনায় প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে। গত সপ্তাহে জোহানেসবার্গ থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্লাটিনাম উত্তোলনের কেন্দ্র হিসেবে পরিচিত রুস্টেনবার্গ শহরের কাছে ধস নেমে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ৮ জন। শুধু তাই নয়, মে মাসেও,মধ্য আফ্রিকার আঙ্গোলার একটি সোনার খনিতে ধসে কমপক্ষে ২৮ শ্রমিকের মৃত্যু হয়।